উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন বাংলা ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। রহস্যে মোড়া এই ছবির নতুন চমক হিসেবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে অভিনেতা রজতাভ দত্ত-র প্রথম লুক, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।
পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়-এর এই নতুন প্রজেক্টে ‘বাল্মীকি’ নামে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রজতাভকে। প্রকাশিত পোস্টারে তাঁকে দেখা গেছে পুলিশি পোশাক ও কড়া দৃষ্টিভঙ্গিতে। পাশাপাশি চোখেমুখে সূক্ষ্ম রসিকতার আভাস। এই দ্বৈত আবহই ইঙ্গিত দিচ্ছে, চরিত্রটি কেবলমাত্র গম্ভীর নয়, বরং গল্পে বহুমাত্রিক ভূমিকা রাখতে চলেছে।রজতাভ দত্ত নিজেও এই কাজ নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, এই প্রথমবার পরিচালক জুটির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তাঁর অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক। সেটে তাঁদের পরিকল্পনা, শৃঙ্খলা ও স্বচ্ছ কাজের ধরণ তাঁকে মুগ্ধ করেছে। পাশাপাশি অভিনেতাদের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়টিকেও তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন।
বহুদিন ধরেই উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল, যে এই ছবির মাধ্যমে সেই ইচ্ছা পূরণ হয়েছে বলেও জানান তিনি। উল্লেখযোগ্যভাবে, উইন্ডোজ প্রোডাকশন এতদিন মূলত পারিবারিক ও আবেগঘন গল্পে দর্শকদের মন জয় করলেও, ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে তারা একেবারে ভিন্ন পথে হাঁটছে। রহস্য ও চমকের মিশেলে তৈরি এই ছবির কাহিনি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা। সব মিলিয়ে, অভিনব গল্প, শক্তিশালী চরিত্র এবং জনপ্রিয় অভিনেতাদের উপস্থিতিতে আগামী ২৯ মে, ২০২৬-এ মুক্তিপ্রাপ্ত এই ছবিটি যে দর্শকদের জন্য বড় আকর্ষণ হতে চলেছে, তা বলাই যায়।







