বলিউড সুপারস্টার সলমন খান যার প্রতিটি পদক্ষেপেই শিরোনাম। এবার খবরের শিরোনামে উঠে এল তাঁর সম্পত্তি বিক্রির ঘটনা। মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমে অবস্থিত নিজের ফ্ল্যাট ৫.৩৫ কোটি টাকায় বিক্রি করলেন ভাইজান। সরকারি নথি অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে সম্পত্তির লেনদেন চূড়ান্তভাবে নথিভুক্ত হয়। জানা গেছে, বান্দ্রার অভিজাত ‘শিব আস্থান হাইটস’ আবাসনের এই ফ্ল্যাটের আয়তন প্রায় ১,৩১৮ বর্গফুট। সঙ্গে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধা। এই বিক্রিতে সলমনকে স্ট্যাম্প ডিউটি বাবদ ৩২.০১ লক্ষ এবং রেজিস্ট্রেশন ফি ৩০,০০০ টাকা গুনতে হয়েছে।
সলমনের বান্দ্রার সঙ্গে সম্পর্ক বহুদিনের। সপরিবারে তাঁর বসবাসও এই এলাকাতেই। তাই তাঁর একাধিক সম্পত্তি বিক্রিকে ঘিরে বলিপাড়ায় আগ্রহ তুঙ্গে। তবে ফ্ল্যাট বিক্রি করলেও বান্দ্রাতেই থাকছেন ভাইজান। আন্ডারওয়ার্ল্ড হুমকি সত্ত্বেও তাঁর মধ্যে বিন্দুমাত্র ভয় নেই। এদিকে, ‘সিকান্দর’-এর পর নতুন রূপে ফিরছেন সলমন খান। ভারত-চীন গলওয়ান উপত্যকার যুদ্ধভিত্তিক ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবিতে তাঁকে দেখা যাবে শহিদ কর্নেল বি. সন্তোষ বাবুর চরিত্রে। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। সঙ্গে থাকছেন চিত্রাঙ্গদা সিং।
সম্প্রতি প্রকাশিত হয়েছে টিজার পোস্টার, যেখানে রক্তমাখা মুখ, দৃঢ় চাহনি আর সংযমে ভরা সলমনের সৈনিক-অবতার দেখে দর্শকের কৌতূহল চরমে। এবার গুলি ছাড়াই লড়া সেই ঐতিহাসিক যুদ্ধের গল্পকে বড়োপর্দায় তুলে ধরতে চলেছেন ভাইজান। ‘সিকান্দর’র পর গলওয়ান যুদ্ধনাট্য ঘিরেই বলিউড এখন আশাবাদী।






