দীর্ঘ তিন বছর পর মুর্শিদাবাদের নবগ্রামে ফের সামনে এল বহুচর্চিত রুবেল শেখ খুনকাণ্ড। এই মামলাতেই বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হল নবগ্রাম এলাকার তৃণমূল ব্লক সভাপতি মহম্মদ এনায়েতুল্লাকে। পাঁচগ্রামের নিজ বাড়ি থেকেই তাঁকে আটক করে নবগ্রাম থানার পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ২০২৩ সালের ৩১ জানুয়ারির। ডিগ্রিগঙ্গা গ্রামের বাসিন্দা মেহেবুসা ওরফে রুবেল শেখ (২৭) ওই সময় স্থানীয় রাজনৈতিক মহলে পরিচিত মুখ ছিলেন এবং মহম্মদ এনায়েতুল্লার ঘনিষ্ঠ সহযোগী বলেই পরিচিত ছিলেন। অভিযোগ, সেদিন রাতে বিলবসিয়া এলাকায় বন্ধুদের সঙ্গে বসে কথা বলার সময় মোটরসাইকেলে করে আসা দুই দুষ্কৃতী রুবেলকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হলেও ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রুবেলের মৃত্যুর পর তাঁর বাবা নবগ্রাম থানায় খুনের অভিযোগ দায়ের করেন। পরিবারের দাবি, সেই সময় রাজনৈতিক প্রভাবের কারণে তদন্তে গতি আসেনি। অভিযোগ ওঠে, তৎকালীন তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় এনায়েতুল্লার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সম্প্রতি পুরনো মামলার তদন্ত নতুন করে শুরু হয়। সেই তদন্তের ভিত্তিতেই এনায়েতুল্লাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বর্তমানে বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল বলেন, “পুলিশ নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করুক।” অন্যদিকে, নবগ্রামের বর্তমান তৃণমূল প্রার্থী প্রণব চন্দ্র দাস দাবি করেছেন, গ্রেপ্তারের কারণ সম্পর্কে তিনি কিছু জানেন না।







