রাজনীতি

ঝুঁকলেন পুষ্পা! ফলতায় জাহাঙ্গিরের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোয় বাড়ছে জল্পনা

‘পুষ্পা ঝুকেগা নেহি…’ সংলাপ দিয়ে আলোচনায় আসা তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান কি শেষ পর্যন্ত অবস্থান বদলালেন? কারণ, আগামী ২১ মে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় রয়েছে পুনর্নির্বাচন। তার আগেই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন জাহাঙ্গির। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আসন্ন ভোটে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ফলতার মানুষের শান্তি ও এলাকার উন্নয়নের কথা ভেবেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

জাহাঙ্গির বলেন, “ফলতার অগ্রগতি ও সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই আগামী ২১ মে-র পুনর্নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তবে এই সিদ্ধান্ত কার নির্দেশে নেওয়া হয়েছে, সেই প্রশ্নের উত্তরে কোনও মন্তব্য করেননি তিনি। আতর মাখানো বা ইভিএমে টেপ লাগানোর অভিযোগও তিনি খারিজ করে দিয়েছেন। যদিও এই ঘটনার পিছনে কারা রয়েছে, সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানাননি। ফলে আচমকা কেন জাহাঙ্গির এই সিদ্ধান্ত নিলেন, বা এর পিছনে তৃণমূলের কোনও কৌশল রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

জাহাঙ্গিরের ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর সম্ভাব্য কারণ কী হতে পারে?

ক) ‘সোনার ফলতা’ গড়ার কথা বলেই ভোট থেকে সরে দাঁড়ানো?
সাংবাদিক বৈঠকে জাহাঙ্গির জানিয়েছেন, ফলতার মানুষের শান্তি বজায় রাখা এবং ‘সোনার ফলতা’ তৈরির লক্ষ্যেই তিনি পুনর্নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কিন্তু এই যুক্তি ঘিরেই উঠছে নানা প্রশ্ন। কারণ, এলাকার উন্নয়ন করতে হলে তো রাজনৈতিক লড়াইয়ের ময়দানে থাকাটাই স্বাভাবিক। সেখানে আচমকা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কেন? তাহলে কি তিনি আগেভাগেই নিজের পরাজয়ের আশঙ্কা টের পেয়েছেন?

এর আগে ছাব্বিশের নির্বাচনের সময় উত্তরপ্রদেশ থেকে আসা এক আইপিএস আধিকারিককে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ‘পুষ্পা ঝুকেগা নেহি’। পাশাপাশি ভোট চলাকালীন তাঁর বিরুদ্ধে ভোটারদের হেনস্থা করারও একাধিক অভিযোগ উঠেছিল। কিন্তু পুনর্নির্বাচনের মুখে আচমকা ময়দান ছেড়ে দেওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

খ) কোথাও কি অভিমান কাজ করছে?
গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলতা থেকে প্রায় ১ লক্ষ ৬২ হাজার ভোটে লিড এনে দিয়েছিলেন জাহাঙ্গির। অথচ পুনর্নির্বাচনের প্রচারে একবারও অভিষেককে তাঁর পাশে দেখা যায়নি। অন্যদিকে শুভেন্দু অধিকারী ফলতায় প্রচারে গিয়েছেন। এমনকি বামফ্রন্টও প্রচারে নেমেছে। সেই জায়গায় অভিষেকের অনুপস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। তাহলে কি দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে কোথাও অভিমান তৈরি হয়েছিল জাহাঙ্গিরের?

গ) তৃণমূলের অন্দরে কি সমন্বয়ের অভাব?
জাহাঙ্গির যখন সাংবাদিক বৈঠক করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করছেন, তার ঠিক কয়েক মিনিট আগেই তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বাংলার প্রথম সারির এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, “ফলতায় তৃণমূল এমনিতেই জিতবে, যদি কাউন্টিংয়ে কোনও কারচুপি না হয়।” এরপরই দলের প্রার্থী জানিয়ে দিলেন, তিনি আর লড়ছেন না। ফলে প্রশ্ন উঠছে, দলের অন্দরেই কি এই সিদ্ধান্ত নিয়ে কোনও স্পষ্ট বার্তা ছিল না?

ঘ) জাহাঙ্গিরকে সরিয়ে কি বিশেষ বার্তা দিতে চাইল তৃণমূল?
সরকার গঠনের পর কোনও কেন্দ্রে পুনর্নির্বাচন হওয়া রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর আগে জাহাঙ্গির নিজেই প্রশ্ন তুলেছিলেন, কয়েকটি বুথে অভিযোগ উঠলে পুরো বিধানসভা কেন্দ্রে কেন পুনর্নির্বাচন হবে। সেই পরিস্থিতিতে তাঁকে সরিয়ে দিয়ে কি তৃণমূল কোনও রাজনৈতিক বার্তা দিতে চাইছে? দল কি দেখাতে চাইছে যে তারা এই ধরনের বিতর্কের মধ্যে থেকে ভোটে লড়তে চাইছে না?

তবে ভোটের আগে কি এভাবে প্রার্থিতা প্রত্যাহার করা সম্ভব?

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। তাই জাহাঙ্গির ভোটে না লড়ার কথা ঘোষণা করলেও ইভিএমে তাঁর নাম থাকবেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.