ক্যাগের রিপোর্টে দেশের একাধিক রেল স্টেশনের ওয়াটার কুলারের পানীয় জলে ই-কোলাই ব্যাকটেরিয়া মেলার পরই তৎপর হল রেল মন্ত্রক। রবিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দফায় দফায় শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। যাত্রী পরিষেবায় যাতে কোনও ধরনের গাফিলতি না থাকে, তা নিশ্চিত করতে আধিকারিকদের একাধিক নির্দেশ দিয়েছেন তিনি।
একনজরে রেলমন্ত্রীর নির্দেশগুলি—
* দেশের বিভিন্ন স্টেশনে অন্তত ২০ হাজার জায়গায় ‘ট্যাঙ্ক টু ট্যাপ’ জল পরিশোধনের ব্যবস্থা করতে হবে।
* ওয়াটার কুলারগুলিতে জল শোধনের উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে।
* যে সমস্ত জলের ট্যাঙ্ক পুরনো বা ব্যবহারের অনুপযোগী, সেগুলি দ্রুত পরিবর্তন করতে হবে।
* নিয়মিত পানীয় জলের গুণমান পরীক্ষা করতে হবে।
* নির্দিষ্ট সময় অন্তর জলের ট্যাঙ্ক পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে।
* স্টেশনের স্টোরেজ ট্যাঙ্কগুলিও পরিচ্ছন্ন রাখতে হবে।
* স্টেশনগুলিতে জল পরিষেবার মান ঠিক রাখা হচ্ছে কি না, তা রেলবোর্ডের তরফে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
* সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জল পরিষেবার বিষয়ে নিয়মিত রিপোর্ট জমা দিতে হবে।
সম্প্রতি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগের রিপোর্টে স্টেশনগুলির পানীয় জল নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে আসে। দেশের মোট ৪৯টি রেল স্টেশনের পানীয় জলের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে আটটি স্টেশনের ওয়াটার কুলারের জলে ই-কোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। তালিকায় মুম্বইয়ের কয়েকটি শহরতলির স্টেশনের পাশাপাশি কেরল, তামিলনাড়ু এবং ঝাড়খণ্ডের স্টেশনও রয়েছে।
ক্যাগের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ রেলের কোয়েম্বাটোর ও পালাক্কড় জংশন, দক্ষিণ-মধ্য রেলের হায়দরাবাদ, মধ্য রেলের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, ভিওয়ান্ডি রোড, কল্যাণ ও লোনাভালা এবং পূর্ব রেলের মধুপুর স্টেশনের পানীয় জলের নমুনায় ই-কোলাইয়ের উপস্থিতি ধরা পড়ে।
শুধু পানীয় জলই নয়, দেশের একাধিক স্টেশনে শৌচাগার, বসার জায়গা, জলের কল-সহ বিভিন্ন মৌলিক পরিষেবার ঘাটতির কথাও ক্যাগের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রিপোর্ট প্রকাশ্যে আসার পরই যাত্রী পরিষেবার মান উন্নত করতে দ্রুত পদক্ষেপ করল রেল মন্ত্রক।






