দীপাবলির আগেই বড় চমক! এগিয়ে আসছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর মুক্তির দিন। আগে ঠিক ছিল আলোর উৎসবের মরসুমে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি। তবে এখন শোনা যাচ্ছে, দর্শকদের উন্মাদনাকে আরও বড় পরিসরে কাজে লাগাতেই রিলিজের কৌশলে বদল আনছেন প্রযোজক নমিত মালহোত্রা।
নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর বড় পর্দায় আসতে চলেছে রণবীর কপূর, সাই পল্লবী ও যশ অভিনীত এই মেগা বাজেট ছবি। প্রযোজকদের ধারণা, মুক্তির পর দ্বিতীয় সপ্তাহেই দীপাবলির ছুটির আবহে ছবির ব্যবসা তুঙ্গে পৌঁছতে পারে। সেই কারণেই উৎসবের ঠিক আগেই দর্শকদের সামনে হাজির করা হচ্ছে ‘রামায়ণ’কে।
বলিউডের অন্যতম বড় প্রজেক্ট হিসেবে ইতিমধ্যেই চর্চায় রয়েছে ছবিটি। ভিএফএক্স, বিশাল সেট ও তারকা কাস্ট— সব মিলিয়ে ‘রামায়ণ’কে ঘিরে প্রত্যাশা এখন আকাশছোঁয়া। দর্শকদের মতে, ভারতীয় পুরাণের এই মহাকাব্য নতুন যুগের প্রযুক্তিতে কেমনভাবে ফুটে ওঠে, সেটাই এখন দেখার অপেক্ষা।







