কলকাতা

চোরবাগান বিপর্যয়ের পর কড়া পদক্ষেপ, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ১৬৩ ধারা জারি, গ্রেপ্তার ৭

চোরবাগানে ভয়াবহ বিপর্যয়ের পরই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বিস্তীর্ণ এলাকায় ১৬৩ ধারা জারি করল লালবাজার। আগামী তিন দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, চোরবাগান সংলগ্ন একাধিক রাস্তায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলেজ স্ট্রিটের কলুটোলা থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বেশ কয়েকটি এলাকায় এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

অন্যদিকে, ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ধৃতদের মধ্যে চোরবাগান পুজো কমিটির সম্পাদক ও সহ-সভাপতি, বাঁশের কাঠামোর দায়িত্বে থাকা ব্যক্তি, ভিড় নিয়ন্ত্রণ ও ভিআইপি পাস পরীক্ষার দায়িত্বে থাকা দু’জন এবং একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই আধিকারিক রয়েছেন।

বিপর্যয়ের পরই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছিলেন তিনি। এরপরই গিরিশ পার্ক থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্তে নামে লালবাজার। অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, ষড়যন্ত্র-সহ বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু করা হয়। চোরবাগানের পুজো উদ্যোক্তা-সহ বেশ কয়েকজনকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। ঘটনার পিছনে ঠিক কী কারণ ছিল এবং কীভাবে বিপর্যয় ঘটল, তা জানতে তাঁদের জেরা করেন তদন্তকারীরা।

তদন্তের পর রাজকুমার সেওদা ওরফে রাজা, শান্তনু দুবে, বিপ্লব মুখোপাধ্যায়, কৌশিক সাহা, পিন্টু দে, সুমন চক্রবর্তী এবং রাজেশ পাল—এই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজকুমার সেওদা এবং শান্তনু দুবে চোরবাগান পুজো কমিটির সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। বিপ্লব মুখোপাধ্যায়ের দায়িত্ব ছিল বাঁশের কাঠামো তৈরির কাজ। অন্যদিকে, কৌশিক সাহা ও পিন্টু দে ভিড় নিয়ন্ত্রণ এবং ভিআইপি পাস পরীক্ষা করার দায়িত্বে ছিলেন। সুমন চক্রবর্তী ও রাজেশ পাল একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই আধিকারিক বলে জানা গিয়েছে।

ঘটনার পর থেকেই চোরবাগান এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। একইসঙ্গে ওই এলাকার বিভিন্ন রাস্তায় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে লালবাজার।

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, বউবাজার থানা এলাকার চোরবাগান পুজো মণ্ডপ সংলগ্ন রাস্তাগুলিতে কোনও জমায়েত করা যাবে না। কলেজ স্ট্রিটের কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত অংশ, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত অংশ, কলুটোলা স্ট্রিটের কলেজ স্ট্রিট থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত অংশ এবং ইডেন হাসপাতাল রোডের সিআর অ্যাভিনিউ থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত এলাকায় এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.