কলকাতার অন্যতম পরিচিত দুর্গাপুজো উদ্যোক্তা সুরুচি সঙ্ঘকে ঘিরে এবার অন্য ছবি। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর থেকেই এলাকায় ক্ষোভের সুর ক্রমশ জোরালো হচ্ছে। শনিবার সকালে সুরুচি সঙ্ঘের ক্লাব চত্বরে দেখা গেল একাধিক প্রতিবাদী পোস্টার, যা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক ও সামাজিক চর্চা।
ক্লাবের সামনে টাঙানো পোস্টারগুলিতে লেখা ছিল, “বিশ্বাসে অরুচি তাই বন্ধ হল সুরুচি”। অন্য একটি পোস্টারে দাবি করা হয়েছে, “নিয়ম মেনে হবে পুজো, বিশ্বাসরা হবে সোজা”। এছাড়াও “VIP কালচার নিপাত যাক, সুরুচি নিউ আলিপুর অধিবাসীদের থাক”— এমন স্লোগানও নজর কেড়েছে পথচলতি মানুষের।
স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্লাবকে কেন্দ্র করে এক বিশেষ গোষ্ঠীর প্রভাব ও আধিপত্য চলেছে। সাম্প্রতিক ঘটনাবলীর পর সেই ক্ষোভই এবার প্রকাশ্যে চলে এসেছে পোস্টারের ভাষায়। শুক্রবার ক্লাব চত্বরে অভিযানের সময় সেখানে বিলাসবহুল শয়নকক্ষ, আধুনিক বাথরুম এবং অন্যান্য বিশেষ পরিকাঠামোর হদিশ মেলায় বিতর্ক আরও তীব্র হয়েছে।
এলাকার বাসিন্দাদের একাংশ দাবি করছেন, ক্লাবকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার বদলে সেখানে ধীরে ধীরে ‘ভিআইপি সংস্কৃতি’ গড়ে উঠেছিল। পাশাপাশি বিশ্বাস পরিবারকে ঘিরে দীর্ঘদিনের জুলুমবাজি ও প্রভাব খাটানোর অভিযোগও নতুন করে সামনে আসতে শুরু করেছে।
এক সময় যে সুরুচি সঙ্ঘ দুর্গাপুজোর শিল্পকলা ও আয়োজনের জন্য পরিচিত ছিল, এখন সেই ক্লাবই রাজনৈতিক বিতর্ক ও জনরোষের কেন্দ্রে। পোস্টারের ভাষা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে— এলাকায় পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে বিশ্বাস পরিবারের দীর্ঘদিনের প্রভাব বলয়ের উপরও।







