রাজনীতি

আজই কি দফতর পাচ্ছেন নতুন ৩৫ মন্ত্রী? রাতেই বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

রাজ্যের প্রথম বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভার দফতর বণ্টন নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান হতে চলেছে। সূত্রের খবর, রবিবার রাতেই নতুন ৩৫ জন মন্ত্রীর দায়িত্ব বণ্টনের তালিকা চূড়ান্ত করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই তিনি সেই তালিকা প্রকাশ করতে পারেন বলে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

গত ১ জুন লোক ভবনে রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। সেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আরও ৩৫ জন বিধায়ক ও নেতাকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করানো হয়। এরপর থেকেই প্রশ্ন উঠছিল, কে কোন দফতরের দায়িত্ব পাবেন। কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও সেই ঘোষণা হয়নি।

এর মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের দিল্লি সফরকে ঘিরে জল্পনা আরও বাড়ে। রাজনৈতিক মহলের একাংশের মতে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪১। এর আগে ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনই অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডুর দফতর বণ্টন সম্পন্ন হয়েছিল। তবে ১ জুন শপথ নেওয়া ৩৫ জন মন্ত্রীর দায়িত্ব এখনও ঘোষণা হয়নি।

নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন তাপস রায়, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত, ইন্দ্রনীল খাঁ, অশোক দিন্দা, শঙ্কর ঘোষ, মালতি রাভা রায়, মৌমিতা বিশ্বাস মিশ্র-সহ একাধিক পরিচিত মুখ। রবিবার রাতের দিকে এখন তাঁদের পাশাপাশি রাজনৈতিক মহলেরও নজর নবান্নের দিকে। কার হাতে যাবে গুরুত্বপূর্ণ দফতর, আর কার ভাগ্যে জুটবে অপেক্ষাকৃত কম গুরুত্বের মন্ত্রক— সেই উত্তর মিলতে পারে আর কয়েক ঘণ্টার মধ্যেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.