বিহারের জনপ্রিয় শিক্ষক ও শিক্ষামূলক ইউটিউব কনটেন্ট নির্মাতা ফয়সাল খান ওরফে খান স্যারকে ঘিরে চলা বিতর্কে নতুন মোড়। তার পরিচালিত কোচিং প্রতিষ্ঠানে হামলা ও গুলিচালনার অভিযোগ সংক্রান্ত মামলায় আপাতত গ্রেফতারি থেকে স্বস্তি পেলেন তিনি। পটনার একটি আদালত তার বিরুদ্ধে সম্ভাব্য গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে।
সম্প্রতি পটনার খান গ্লোবাল স্টাডিজ ইনস্টিটিউটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, একদল দুষ্কৃতী কোচিং সেন্টারের পোস্টার ছিঁড়ে ফেলে, ভাঙচুর চালায় এবং প্রতিষ্ঠানের দিকে পাথর নিক্ষেপ করে। ঘটনার জেরে গুলিচালনার অভিযোগও সামনে আসে। পরে তদন্তে নেমে পুলিশ দুই নিরাপত্তারক্ষীকে আটক করে।
এই ঘটনার তদন্ত চলাকালীন এফআইআরে খান স্যারের নাম যুক্ত হওয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয়। এরপর তিনি আদালতের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন করেন। তার আইনজীবীর দাবি, পরিকল্পিতভাবে তাকে এই ঘটনায় জড়ানো হয়েছে এবং ঘটনার সঙ্গে তার কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই।
মঙ্গলবার আদালতে শুনানির পর খান স্যারের পক্ষে অন্তর্বর্তী স্বস্তির নির্দেশ আসে। ফলে আপাতত গ্রেফতারির আশঙ্কা থেকে মুক্ত থাকছেন তিনি। তবে মামলার তদন্ত এখনও অব্যাহত রয়েছে এবং আগামী শুনানিতে আদালতের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের দিকে নজর থাকবে প্রশাসন থেকে শুরু করে খান স্যারের অনুরাগীদেরও।
ঘটনাকে ঘিরে বিহারের শিক্ষা মহল এবং সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির উপরই নির্ভর করছে এই বহুচর্চিত মামলার পরবর্তী দিকনির্দেশ।






