উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার অন্তর্গত কাটাখাল সীমান্ত এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী, গতকাল রাতেই সীমান্তবর্তী কাটাখাল সেতুর ওপরে বসে থাকা কয়েকজন যুবক আচমকা একটি ড্রোনকে সীমান্ত পার হয়ে বাংলাদেশের দিক থেকে ভারতে প্রবেশ করতে দেখেন। তারা তৎক্ষণাৎ মোবাইল ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করেন।
প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, প্রথম ড্রোনটি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আরও দুটি ড্রোন একইভাবে বাংলাদেশের দিক থেকে উড়ে এসে ভারতের কাটাখাল সীমান্ত এলাকায় প্রবেশ করে এবং কিছুক্ষণের মধ্যে সেগুলি ফিরে যায়। এই ঘটনার পরেই স্থানীয়দের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। একইসঙ্গে আসে স্থানীয় বিএসএফ ক্যাম্পের জওয়ানরাও। পুলিশ ও বিএসএফ যৌথভাবে গোটা এলাকায় তল্লাশি চালায় এবং ঘটনার তদন্ত শুরু করে।
এই ঘটনাকে ঘিরে সীমান্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা বিষয়টি উচ্চপদস্থ কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার পরিকল্পনাও চলছে।
ড্রোন অনুপ্রবেশের এই ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তুলে দিল বলেই মনে করছেন অনেকে।







