কলকাতা: শনিবার ভোররাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তল্লাশি চালায় পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার পুলিশ। পুলিশের সঙ্গে ছিল বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহকারী সুমিত রায়ের খোঁজে এই অভিযান চালানো হয়। শালবনি থানায় সুমিত রায়ের বিরুদ্ধে আর্থিক তছরুপ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের তদন্তের সূত্র ধরেই কালীঘাটের বাড়িতে পৌঁছয় তদন্তকারী দল।
সূত্রের খবর, ভোররাতে বাড়ির সামনে পৌঁছে একাধিকবার দরজা খোলার অনুরোধ জানানো হয়। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও দরজা না খোলায় পুলিশ বিকল্প ব্যবস্থা গ্রহণ করে। স্থানীয় সূত্রের দাবি, বাড়ির গেটের তালা ভেঙে পুলিশ ভিতরে প্রবেশ করে তল্লাশি চালায়। যদিও এই বিষয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তল্লাশি চলাকালীন গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখে। নিরাপত্তার স্বার্থে বাড়ির চারপাশে কড়া নজরদারি চালানো হয়। ঘটনাস্থলে কলকাতা পুলিশের একটি দলও উপস্থিত ছিল। খবর পেয়ে ভোরেই কালীঘাটের বাড়িতে পৌঁছে যান পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সকাল প্রায় ৮টা নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে যান।
তল্লাশি অভিযান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “লুকিয়ে রেখেছি কি না, পুরো বাড়ি সার্চ হয়েছে। উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের কাছেই পাবেন।” পাশাপাশি তিনি দাবি করেন, তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শালবনি থানার মামলার তদন্ত কোন দিকে এগোয় এবং সুমিত রায়কে ঘিরে অভিযোগের সত্যতা কতটা প্রমাণিত হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও প্রশাসনের।







