কলকাতা মেট্রো পরিষেবায় প্রযুক্তির নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সফল পরীক্ষামূলক যাত্রা এবং নিরাপত্তা পরিদর্শনের পর এবার গ্রিন লাইনে (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ) চালকবিহীন মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনা জোরালো হয়েছে। এখন শুধু কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।
গত রবিবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত একটি মেট্রো রেক চালক ছাড়াই সফলভাবে পরীক্ষামূলকভাবে চলাচল করে। পুরো যাত্রাপথে ট্রেনের গতি, সিগন্যাল ব্যবস্থা, জরুরি পরিস্থিতিতে নিয়ন্ত্রণ এবং গঙ্গার তলদেশে অবস্থিত সুড়ঙ্গের নিরাপত্তা খুঁটিয়ে পরীক্ষা করা হয়। মেট্রো কর্তৃপক্ষের দাবি, সমস্ত পরীক্ষাই সফল হয়েছে।
এই পরিষেবার মূল ভিত্তি অত্যাধুনিক কমিউনিকেশন-ভিত্তিক ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) প্রযুক্তি। এই ব্যবস্থায় ট্রেনের গতি, দূরত্ব এবং পরিচালনা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। পরীক্ষায় গঙ্গার নিচের ৫২০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ মাত্র ৪৫ সেকেন্ডে নিরাপদে অতিক্রম করেছে মেট্রো।
তবে ‘চালকবিহীন’ হলেও ট্রেনে একজন চালক কেবিনে উপস্থিত থাকবেন। মেট্রো কর্তৃপক্ষের মতে, যাত্রীদের আস্থা বজায় রাখা এবং প্রয়োজনে দরজা খোলা-বন্ধ বা জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই এই ব্যবস্থা রাখা হবে।
রবিবার সিআরএসের বিশেষ পরিদর্শনের জন্য গ্রিন লাইনে প্রথম মেট্রো সকাল ৯টার পরিবর্তে বিকেল সাড়ে ৪টায় চালানো হয়। সেন্ট্রাল পার্কের অপারেশন কন্ট্রোল সেন্টার থেকে রিমোটের মাধ্যমে পুরো ট্রেন পরিচালনার সক্ষমতাও পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি ১২টি স্টেশন এবং আন্ডারওয়াটার টানেলে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও খতিয়ে দেখা হয়।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শীঘ্রই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে যাত্রীরা চালকবিহীন মেট্রো পরিষেবার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কলকাতার গণপরিবহনে এটি হবে প্রযুক্তিনির্ভর এক গুরুত্বপূর্ণ মাইলফলক।







