কলকাতা

ফের অভিষেকের কালীঘাটের বাড়িতে সিআইডি, জাল সই মামলায় তৎপরতা বাড়ল

বিধানসভার সই জালিয়াতি মামলার তদন্তে ফের তৎপর হল সিআইডি। রবিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাসভবনে পৌঁছয় সিআইডির একটি দল। সূত্রের খবর, ৭ থেকে ৮ জন আধিকারিকের এই দলে মহিলা অফিসারও ছিলেন। বাড়ির বাইরে গিয়ে তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁজখবর নেন এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন। গোটা ঘটনাপ্রবাহের ভিডিওগ্রাফিও করা হয় বলে জানা গিয়েছে।

এর আগে এই মামলায় দু’বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীভবনে হাজিরার নোটিস পাঠিয়েছিল সিআইডি। প্রথমে ১ জুন এবং পরে ৮ জুন হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি কোনওবারই হাজির হননি। জানা গিয়েছে, বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন এবং বিরোধী জোটের একটি বৈঠকে অংশ নিয়েছেন।

রবিবার সিআইডি আধিকারিকরা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তাঁর বাড়িতে গেলেও পরিবারের কারও সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি। বাড়ির গেট বন্ধ ছিল এবং নিরাপত্তারক্ষীদের মাধ্যমেই যোগাযোগের চেষ্টা করা হয়। আধিকারিকরা জানতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে উপস্থিত আছেন কি না। তবে নতুন করে কোনও নোটিস দেওয়া হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আদালতের কাছে সময় চেয়েছেন। তাঁর দাবি, আগামী ১০ জুন এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। এর আগে তিনি সোনারপুরের ঘটনার উল্লেখ করে এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিআইডির কাছে অতিরিক্ত সময়ের আবেদন করেছিলেন।

বিধানসভার সই জালিয়াতি মামলাকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়ছে। তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপ কী হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে তদন্তে সহযোগিতা করবেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.