জেলারাজনীতি

সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ নেত্রীর বাড়িতে অভিযান, উদ্ধার প্রায় ৩ কেজি সোনা

বিধাননগরের প্রাক্তন মেয়র তথা প্রাক্তন তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে চলা তদন্তে নতুন মোড়। তাঁর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে নদিয়ার তেহট্টে অভিযান চালায় বিধাননগর পুলিশ। তদন্তকারীরা সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়েই পৌঁছন নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়িতে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ তল্লাশির পর ওই বাড়ি থেকে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার হয়েছে। প্রাথমিক হিসাবে যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। উদ্ধার হওয়া গয়নাগুলির উৎস এবং বৈধ নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে তোলাবাজি, বেআইনি সম্পত্তি অর্জন-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হন সব্যসাচী দত্ত। তদন্ত চলাকালীন তাঁর রাজারহাটের ফ্ল্যাট ও ব্যাঙ্ক লকার থেকে সোনা কেনার নথি এবং প্রায় সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার হয়েছিল বলে পুলিশ দাবি করে। এরপর জেরায় উঠে আসা তথ্যের ভিত্তিতেই তদন্তের পরিধি বাড়ানো হয়।

তদন্তকারীদের দাবি, কালো টাকা ও তোলাবাজির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বিপুল পরিমাণ সোনা কেনা হয়েছিল এবং সেই প্রক্রিয়ায় ঘনিষ্ঠ কয়েকজনকেও সাহায্য করা হয়ে থাকতে পারে। সেই সূত্র ধরেই টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালানো হয়।

তবে এই ঘটনায় এখনও টিনা ভৌমিক সাহার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উদ্ধার হওয়া সোনা এবং তার উৎস নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। অভিযোগগুলি আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকলকেই আইনত নির্দোষ বলে গণ্য করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.