বিনোদন

ডেটিং অ্যাপ অ্যাকাউন্ট ফাঁস, নাবালিকা সংক্রান্ত গুঞ্জনে ফের বিতর্কে কার্তিক আরিয়ান

বিতর্ক যেন পিছু ছাড়ছেই না বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের। অষ্টাদশী কলেজ পড়ুয়ার সঙ্গে নাম জড়ানোকে কেন্দ্র করে যখন তীব্র সমালোচনার মুখে অভিনেতা, ঠিক সেই সময়েই নতুন করে আলোচনায় উঠে এল তাঁর ডেটিং অ্যাপ অ্যাকাউন্ট। নিউ ইয়র্কের এক নেটপ্রভাবী প্রকাশ্যে এনেছেন কার্তিকের একটি ডেটিং প্রোফাইলের তথ্য, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

ওই নেটপ্রভাবী মহিলাদের মানসিক স্বাস্থ্য ও সুস্থ জীবনযাপন সংক্রান্ত কনটেন্ট তৈরি করেন। তাঁর দাবি, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তিনি জনপ্রিয় ডেটিং অ্যাপ ‘রায়া’-তে কার্তিক আরিয়ানের একটি প্রোফাইল দেখতে পান। সেখানে অভিনেতার বয়স লেখা ছিল ৩২ বছর, যদিও সেই সময়ে কার্তিকের প্রকৃত বয়স ছিল ৩৫। বিষয়টি তিনি একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে আনেন।

এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে আরও এক বিতর্ক। সম্প্রতি ১৮ বছরের কলেজ পড়ুয়া করিনা কুবলিয়ুটের সঙ্গে কার্তিকের সম্পর্কের গুঞ্জন ছড়াতেই নেটদুনিয়ায় তাঁকে ঘিরে শুরু হয় কটাক্ষ। এমনকি কেউ কেউ অভিনেতাকে ‘পেডোফাইল’ বলেও আক্রমণ করেন। এই প্রসঙ্গে নেটপ্রভাবী তাঁর ভিডিওতে প্রশ্ন তোলেন, “৩৬ বছরের একজন পুরুষ যদি ১৮ বছরের একটি মেয়ের সঙ্গে সম্পর্কে থাকেন, তাহলে শুধু মেয়েটিকেই কেন এত কটাক্ষের শিকার হতে হচ্ছে?”

বিতর্কের সূত্রপাত হয় গোয়া ভ্রমণের কিছু ছবি ঘিরে। কার্তিক গোয়া থেকে একটি ছবি ভাগ করে নেন, যেখানে কেবল তাঁর পা ও একটি ভলিবল কোর্ট দেখা যায়। একই সময়ে করিনাও গোয়ার সমুদ্রসৈকত থেকে ছবি পোস্ট করেন। দু’টি ছবির পটভূমির মিল নজরে পড়তেই নেটাগরিকদের একাংশ সম্পর্কের জল্পনা শুরু করেন।

তবে করিনা এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে দাবি করেছেন, তিনি পরিবারের সঙ্গেই গোয়ায় বেড়াতে গিয়েছিলেন এবং কার্তিক আরিয়ানকে তিনি ব্যক্তিগতভাবে চেনেনই না। যদিও এক সময় করিনাকে ইনস্টাগ্রামে ‘ফলো’ করতেন কার্তিক। সম্পর্কের গুঞ্জন ছড়াতেই অভিনেতা তাঁকে ‘আনফলো’ করে দেন বলে নেটমাধ্যমে দাবি।

এই পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি কার্তিক আরিয়ান। ফলে ডেটিং অ্যাপ অ্যাকাউন্ট থেকে শুরু করে বয়স বিভ্রান্তি ও সম্পর্কের গুঞ্জন—সব মিলিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে বলিউডের এই প্রথম সারির অভিনেতাকে ঘিরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.