টোটোর পর এবার মোটর ভ্যান নিয়েও কড়া অবস্থান নিল রাজ্য পরিবহন দফতর। জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচলে আগেই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এবার একই পথে মোটর ভ্যানের বিরুদ্ধেও পদক্ষেপের কথা জানাল পরিবহন দফতর। পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, অবৈধ মোটর ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ করা হবে। ইতিমধ্যেই ভ্যানচালকদের নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
নদিয়ায় রোজগার মেলায় অর্জুন সিং
বৃহস্পতিবার নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রোজগার মেলায় উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। নব প্রজন্মকে কর্মসংস্থানের বিষয়ে উৎসাহিত করা এবং তাঁদের সামনে নতুন দিশা তুলে ধরাই ছিল এই মেলার মূল উদ্দেশ্য। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অনেকের ধারণা ছিল রাজ্যে চাকরির সুযোগ নেই এবং সরকারের কাছেও কিছু নেই। এই ধারণা বদলে তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।
মোটর ভ্যানচালকদের উদ্দেশে কড়া বার্তা
এরপরই মোটর ভ্যান নিয়ে সরব হন পরিবহন মন্ত্রী। তিনি জানান, রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধের সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এবার অবৈধ মোটর ভ্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নিয়ম মেনে লাইসেন্স সংগ্রহ করে দূষণমুক্ত গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে ভ্যানচালকদের। এর জন্য তাঁদের প্রায় তিন মাস সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পরও নির্দেশ অমান্য করে মোটর ভ্যান চালানো হলে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।
পিক-আপ ভ্যানে জোর
অর্জুন সিংয়ের বক্তব্য, মোটর ভ্যান থেকে দূষণ ছড়াচ্ছে। তাই এই ধরনের যান সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভ্যানচালকদের পরিবর্তে পিক-আপ ভ্যান কেনা এবং তা নিয়ম মেনে রেজিস্ট্রেশন করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি প্রতিটি বিধানসভা এলাকায় ১০০টি করে অটো ও ম্যাজিক গাড়ির পারমিট দেওয়ার পরিকল্পনার কথাও জানান পরিবহন মন্ত্রী। সরকারি নিয়ম মেনে আবেদন করলে কোনও সমস্যা হবে না বলেও আশ্বাস দেন তিনি।
ইউনিয়ন বা কোনও প্রভাবশালী ব্যক্তিকে টাকা না দিয়ে সরাসরি সরকারি নিয়ম মেনে চলার বার্তাও দিয়েছেন অর্জুন সিং। তাঁর দাবি, আইনের শাসনের মধ্যে থেকে বৈধভাবে যানবাহন চালালে কাউকে কোনও অর্থ দিতে হবে না।
এছাড়াও তিনি জানান, পুজোর আগেই প্রায় ৬০০টি নতুন গাড়ি রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে। আগামী বছরের মার্চের মধ্যে সেই সংখ্যা এক হাজারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






