ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রামের লালগড়ে একটি আইসিডিএস কেন্দ্রে শিশুদের জন্য পরিবেশিত পুষ্টিকর খাবারে মৃত টিকটিকি উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কেন্দ্রে শিশুদের জন্য রান্না করা খাবারের মধ্যেই মৃত টিকটিকি পাওয়া যায়। বিষয়টি সামনে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই খাবার খাওয়ার পর কয়েকজন শিশু অসুস্থ বোধ করলে অভিভাবকরা বিষয়টি লক্ষ্য করেন। পরে খাবার পরীক্ষা করে তার মধ্যেই মৃত টিকটিকি দেখতে পাওয়া যায় বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান লালগড় মণ্ডল সভাপতি সৌভিক সিংহ। তিনি দলীয় কর্মীদের নিয়ে পরিস্থিতি সামাল দেন এবং যেসব শিশু ওই খাবার খেয়েছিল, তাদের দ্রুত লালগড় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
ঘটনার খবর পেয়ে ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউও ঘটনাস্থলে পৌঁছান। তিনি শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উদ্বিগ্ন অভিভাবকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত শিশুদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবে কারও শারীরিক অবস্থার গুরুতর অবনতি না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার জেরে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুদের পুষ্টিকর খাবারে কীভাবে মৃত টিকটিকি এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।







