উত্তর ২৪ পরগনার বসিরহাটে এক মামি-ভাগ্নের রহস্যমৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাড়াবাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ এবং কিছু দূরে রেললাইনের উপর থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাকে কেন্দ্র করে খুনের পর আত্মহত্যার অভিযোগ উঠলেও, প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দেবাশিস মণ্ডল (৩২) এবং রুনু মণ্ডল (৩৩)-এর বাড়ি বসিরহাটের ট্যাটরা এলাকায়। প্রায় এক বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে মামি-ভাগ্নে হওয়ায় বিষয়টি জানাজানি হতেই দুই পরিবারে অশান্তি শুরু হয়। এরপর প্রায় এক মাস আগে তাঁরা বাড়ি ছেড়ে বসিরহাটের সাঁইপালা ময়লাখোলা এলাকায় একটি ভাড়াবাড়িতে একসঙ্গে থাকতে শুরু করেন।
দেবাশিসের পরিবারের দাবি, সাম্প্রতিক সময়ে তিনি মানসিক চাপে ভুগছিলেন এবং বাড়ি ফিরে আসার ইচ্ছার কথাও পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। তাঁদের অভিযোগ, শুক্রবার গভীর রাতে রুনু মণ্ডল ফোন করে দেবাশিসের বাবাকে জানান, “ওকে মেরে ফেলেছি, এবার আমিও মরব।” এরপর থেকেই দু’জনের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।
শনিবার সকালে বসিরহাট স্টেশন সংলগ্ন অনন্তপুর এলাকার রেললাইন থেকে রুনু মণ্ডলের দেহ উদ্ধার হয়। একই সময়ে খবর পেয়ে পুলিশ ময়লাখোলার ভাড়াবাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে দেবাশিস মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার করে।
দেবাশিসের পরিবারের অভিযোগ, প্রথমে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়, তারপর রুনু আত্মহত্যা করেন। যদিও এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হয়নি। অন্যদিকে, রুনু মণ্ডলের পরিবারের পক্ষ থেকেও এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ দুটি দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। ফরেন্সিক রিপোর্ট এবং অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে এটি খুনের পর আত্মহত্যা, নাকি অন্য কোনও ঘটনার ফল—তা স্পষ্ট হবে বলে তদন্তকারীদের ধারণা। ঘটনাকে কেন্দ্র করে বসিরহাট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।







