কলকাতা: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে নতুন মোড়। অরূপ রায়ের নেতৃত্বাধীন শিবিরের দাবি, আলিপুর আদালতের গুরুত্বপূর্ণ রায়ে স্পষ্ট হয়েছে যে, ২২ জুনের বিশেষ অধিবেশনে গঠিত জাতীয় কর্মসমিতিই (NWC) দলের একমাত্র বৈধ সাংগঠনিক কর্তৃপক্ষ।
সাংবাদিক বৈঠক করে দলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, আদালতের নির্দেশ অনুযায়ী অরূপ রায়ের নেতৃত্বাধীন সংগঠনই এখন তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক ও সাংগঠনিক বিষয় পরিচালনার বৈধ অধিকারী। তাঁর দাবি, এই রায়ের মাধ্যমে দলের ভিতরে ‘গায়ের জোরের রাজনীতি’র অবসান হল।
ঋতব্রত বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী অন্য কোনও ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের তৃণমূল কংগ্রেসের পদাধিকারী হিসেবে দাবি করতে পারবেন না। পাশাপাশি দলের নাম ব্যবহার করে কোনও রাজনৈতিক নির্দেশিকা জারি, নতুন পদে নিয়োগ কিংবা সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার উপরও নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি করেন তিনি।
অরূপ রায় শিবিরের তরফে আরও জানানো হয়েছে, দলের নথিপত্র, তহবিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির উপরও অন্য কোনও পক্ষের কোনও অধিকার থাকবে না। এমনকি নির্বাচন কমিশন বা অন্য সাংবিধানিক সংস্থার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নামে যোগাযোগের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশ রয়েছে বলে দাবি করা হয়েছে।
এই মামলার প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে ঋতব্রত জানান, গত ২২ জুন কলকাতার একটি পাঁচতারা হোটেলে বিশেষ অধিবেশনের মাধ্যমে নতুন জাতীয় কর্মসমিতি গঠন করা হয় এবং অরূপ রায়কে চেয়ারপার্সন নির্বাচিত করা হয়। এরপরই দলীয় কার্যালয় ঘিরে কিছু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ ওঠে।
আদালতের রায়কে সামনে রেখে এবার পরবর্তী সাংগঠনিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে অরূপ রায় শিবির। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়ের প্রতিলিপি ইতিমধ্যেই কর্মীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে এবং আইনজীবীদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা চলছে।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, আদালতের নির্দেশ অমান্য করে কেউ দলীয় কার্যালয় দখল বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ে এই রায় আগামী দিনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।







