রাজ্য

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, ৯০০ বিতর্কিত মাদ্রাসা নিয়োগ বাতিলের পথে! এফআইআর-এর প্রস্তুতি নবান্নের

পশ্চিমবঙ্গে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ সংক্রান্ত একের পর এক বিতর্কের মধ্যেই মাদ্রাসা নিয়োগ মামলায় বড় সিদ্ধান্ত নিল দেশের সর্বোচ্চ আদালত। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে হওয়া প্রায় ৯০০-র বেশি বিতর্কিত নিয়োগের বৈধতা চেয়ে করা সমস্ত আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে ওই কর্মীদের চাকরি বহাল রাখার আইনি পথ কার্যত বন্ধ হয়ে গেল।

অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নেতৃত্বাধীন বিশেষ কমিটির তদন্ত রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্টে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ উঠে আসে। অভিযোগ ছিল, বহু ক্ষেত্রে কোনও সরকারি বিজ্ঞাপন ছাড়াই নিয়োগ করা হয়েছে, অনুমোদিত শূন্যপদ না থাকা সত্ত্বেও নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং নিয়ম মেনে নির্বাচন প্রক্রিয়াও সম্পন্ন করা হয়নি।

জানা গিয়েছে, ২০২৩ সালে সুপ্রিম কোর্ট এই নিয়োগগুলির বৈধতা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করেছিল। তদন্তে প্রায় ৫০টির বেশি মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে।

রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের এই রায় স্বচ্ছ ও নিয়ম মেনে নিয়োগের ক্ষেত্রে সরকারের অবস্থানকে আরও শক্তিশালী করল। একইসঙ্গে, যেসব ক্ষেত্রে জালিয়াতি বা গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে, সেখানে ফৌজদারি মামলা করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে নবান্ন।

প্রশাসনের মতে, এই রায়ের ফলে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিতেও নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, যোগ্যতা ও আইনি নিয়ম মেনে চলার বিষয়টি আরও স্পষ্ট হল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.