নীট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দীর্ঘদিনের আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রথম প্রতিক্রিয়া জানাল ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তাঁর দাবি, এই পদত্যাগ প্রমাণ করে যে গণতান্ত্রিক আন্দোলনের শক্তির সামনে সরকারও শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই দিপকে বলেন, “ঝুকতি হ্যায় দুনিয়া, ঝুকানে ওয়ালা চাহিয়ে। আমরা দেখিয়ে দিয়েছি, মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ফল মেলে।” তাঁর মতে, এই সাফল্য সেই সব ছাত্রছাত্রীদের উদ্দেশে উৎসর্গ করা উচিত, যাঁরা নীট বিতর্কের জেরে চরম মানসিক চাপে পড়েছিলেন।
তিনি আরও বলেন, “গণতন্ত্রে মানুষের ভয় পাওয়ার কোনও জায়গা নেই। মানুষ যদি নিজের অধিকারের জন্য সরব হয়, তাহলে ক্ষমতাসীনদেরও জবাবদিহি করতে হয়। তাই ভয় নয়, প্রতিবাদই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি।”
তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগকে আন্দোলনের শেষ অধ্যায় হিসেবে দেখতে নারাজ সিজেপি। দিপকে স্পষ্ট জানিয়েছেন, তাঁদের আরও একাধিক দাবি এখনও অপূর্ণ রয়েছে। আন্দোলনকারীদের দাবি, নীট বিতর্কের সঙ্গে যুক্ত হয়ে যেসব পড়ুয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে, তাঁদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, আন্দোলনের সময় ছাত্রদের উপর পুলিশের বলপ্রয়োগের অভিযোগে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের দাবিও তুলেছে সংগঠনটি।
দিপকের বক্তব্য, “একটি পদত্যাগে আমাদের আন্দোলন শেষ হচ্ছে না। যতদিন না সমস্ত দাবি পূরণ হচ্ছে, ততদিন আন্দোলন চলবে।”
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হলেও, সিজেপি স্পষ্ট করে দিয়েছে যে তাদের পরবর্তী কর্মসূচিও শীঘ্রই ঘোষণা করা হবে।






