এক হাঁটু জল কাদা পেরিয়ে আইসিডিএস সেন্টারে খিচুড়ি আনতে আসছেন পড়ুয়া ও তাদের অভিভাবকরা। এমন চিত্র প্রায় নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের বারুইপাড়া হাটপাড়া ICDS সেন্টারে। দীর্ঘ ১০ বছর ধরে একই সমস্যা। বারবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানানো সত্ত্বেও মেলেনি কোনও স্থায়ী সমাধান।
মঙ্গলবার সকালে সেই বেহাল দশার প্রতিবাদেই ফেটে পড়লেন গ্রামবাসীরা। ICDS সেন্টারের সামনেই শুরু হয় বিক্ষোভ। বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই রাস্তা সংস্কার করতে হবে। শুধু রাস্তার সমস্যাই নয়, স্কুলের চারপাশ জলে থইথই। তাতেই অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে মিড-ডে মিল।
স্থানীয় ICDS কর্মী শিলা ভৌমিক জানান,
“আমরা বারবার বলেছি কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এত জলকাদার মধ্যে কীভাবে বাচ্চাদের রাখা যায়?”
অভিভাবক জাহেরা বিবি বলেন,
“ছেলেমেয়েরা এই অবস্থায় স্কুলে এলে অসুস্থ হয়ে পড়বে। আমরা বাঁচতে চাই, আমাদের রাস্তা চাই।”
এই আইসিডিএস সেন্টারে মোট ৯৯ জন পড়ুয়া নাম নথিভুক্ত। তাদের পুষ্টির কথা ভেবেই কেন্দ্রের সরকার প্রকল্প চালু করলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে এমন চরম দুর্দশার মধ্যে।
প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।







