নিজস্ব সংবাদদাতা : উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বসিরহাট মহকুমার, শংকরপুর গ্রাম পঞ্চায়েতের কুলগাছি গ্রামের ঘটনা। মেছোভেরিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। নাম দিলীপ মন্ডল, বয়স ৫৮ বছর। গতকাল রাত্রি আড়াইটা নাগাদ কুলগাছি গ্রামের একটি মেছোভেরিতে মাছ ধরতে গিয়েছিলেন বলে জানা যায়। সেখানেই বজ্রপাতে গুরুতর আহত হয় ওই ব্যক্তি। তারপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি ওই বজ্রপাতে আরো এক ৩২ বছরের বিকাশ মণ্ডল নামে যুবক আহত হয়েছেন।
ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।







