মুর্শিদাবাদের সুতি থানার রঘুনাথপুরে খেলার সময় চার শিশুকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন শিশু।
বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত চার শিশুই অভিযুক্ত যুবক গোলাম সারওয়ার ওরফে বাদশার আত্মীয়। অভিযোগ, বছর কুড়ির ওই যুবক হাতে হাঁসুয়া নিয়ে আচমকাই শিশুদের উপর হামলা চালায়। পরপর কোপে রক্তাক্ত হয়ে পড়ে চার শিশু।
পরিবারের সদস্যরা ছুটে এসে স্থানীয়দের সাহায্যে শিশুদের মহেসাইল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মনিফা খাতুন (৪)-কে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত আনিসা খাতুন, ইসরাত জাহান ও নুসরাত জাহানকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পর পুলিশ গোলাম সারওয়ারকে আটক করেছে। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক দাবি, অভিযুক্ত মাঝেমধ্যে মানসিক সমস্যার ওষুধ খেতেন। তবে হামলার সময় তাঁর মানসিক পরিস্থিতি কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।







