বিদেশ

নেপালের হড়পা বানে নিখোঁজ ইশা ফাউন্ডেশনের ৮০ সদস্য! কাঁদতে কাঁদতে সাহায্যের আর্জি সদগুরুর, নিজেই যেতে চান বিপর্যয়স্থলে

নেপালের ভয়াবহ হড়পা বান যেন একের পর এক উদ্বেগের খবর সামনে আনছে। এবার নিখোঁজের তালিকায় নাম উঠল ইশা ফাউন্ডেশনের ৮০ সদস্যের। তাঁদের কোনও খোঁজ না পেয়ে ক্যামেরার সামনে আবেগ ধরে রাখতে পারলেন না সংস্থার প্রতিষ্ঠাতা সদগুরু। কেঁদে ফেললেন তিনি। একইসঙ্গে বিপর্যয়স্থলে পৌঁছে নিজের দলের সদস্যদের খোঁজ করতে চান বলেও জানিয়েছেন।

ঘটনার সময় সদগুরু তিব্বতের সাগায় ছিলেন। বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় তিনি জানান, নেপালে যাওয়ার কথা ছিল তাঁরও। তাঁর পৌঁছনোর প্রায় ২৪ ঘণ্টা আগেই ইশা ফাউন্ডেশনের একটি দল নেপালে পৌঁছে যায়। অভিবাসন সংক্রান্ত কাজ শেষ করে সদগুরুর জন্য অপেক্ষা করছিলেন তাঁরা।

কিন্তু বুধবার সকালে পরিস্থিতি আচমকাই ভয়াবহ হয়ে ওঠে। সদগুরুর দাবি, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে দলের প্রধান আয়িশাঙ্গা প্রবীণ তাঁকে মেসেজ করে জানান যে তাঁরা অভিবাসন দফতরে পৌঁছে গিয়েছেন। মাত্র কয়েক মিনিট পর, সকাল ৯টা ১৪ মিনিট নাগাদ হড়পা বান আছড়ে পড়ে এলাকায়।

সবচেয়ে উদ্বেগের বিষয়, বিপর্যয়ের মাত্র কয়েক মিনিট আগেও ওই সদস্যদের সঙ্গে সদগুরুর যোগাযোগ হয়েছিল। এরপর থেকেই একে একে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ৮০ জনের কারও সঙ্গেই এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

ইশা ফাউন্ডেশনের ওই দলে বিভিন্ন দেশের নাগরিক ছিলেন। তাঁদের মধ্যে আমেরিকার ২২ জন, কানাডার ১২ জন, অস্ট্রেলিয়ার ১১ জন, ব্রিটেনের ৯ জন এবং জার্মানির ৪ জন ছিলেন। এছাড়াও ফ্রান্স ও নেপালের ৩ জন করে এবং আরও বেশ কয়েকটি দেশের সদস্য ছিলেন। দলে ছিলেন ৩৪ জন পুরুষ ও ৪৬ জন মহিলা।

জানা গিয়েছে, কৈলাস-মানস সরোবর যাত্রা শেষে তাঁদের কাঠমান্ডু ফেরার কথা ছিল। যে হোটেলে তাঁরা ছিলেন, সেটিও হড়পা বানের জেরে ভেসে গিয়েছে বলে জানিয়েছেন সদগুরু। ফলে উদ্বেগ আরও বেড়েছে।

এখন নিখোঁজ সদস্যদের সন্ধানে কূটনৈতিক স্তরেও যোগাযোগ শুরু হয়েছে। ভারত ও নেপালের দূতাবাসের পাশাপাশি চিন ও আমেরিকার দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। বিপর্যয়স্থলে ইশা ফাউন্ডেশনের প্রতিনিধিদের পৌঁছনোর জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়ার চেষ্টা চলছে।

ভিডিও বার্তায় আবেগপ্রবণ সদগুরুর বার্তা, “সাধ্য মতো সব কিছু করব আমরা।” প্রয়োজনে নিজেও বিপর্যয়স্থলে যেতে চান তিনি।

এদিকে নেপাল সরকারের তথ্য অনুযায়ী, ভূতকোশী নদীর হড়পা বানের পর বিপুল সংখ্যক মানুষ নিখোঁজ। নিখোঁজদের মধ্যে বিদেশি পর্যটক, নিরাপত্তাকর্মী ও স্থানীয় গাইডও রয়েছেন। ফলে উদ্ধারকাজের পাশাপাশি নিখোঁজদের সন্ধান করাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.