খেলাধুলা

১৫ বছরেই সিনিয়র দলের অধিনায়ক! ঈশানের চোটে ইতিহাসের পাতায় বৈভব সূর্যবংশী

বেঙ্গালুরু: বয়স মাত্র ১৫। অথচ এই বয়সেই সিনিয়র দলের নেতৃত্বের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়ে নজির গড়লেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। রবিবার বেঙ্গালুরুতে দলীপ ট্রফির সেমিফাইনালে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ইস্ট জোনের ম্যাচে ঘটল এই বিরল ঘটনা।

ম্যাচের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন ইস্ট জোনের অধিনায়ক ঈশান কিষাণ। সেন্ট্রাল জোনের প্রথম ইনিংসের ১৯তম ওভারে উইকেটকিপিং করার সময় ডান কব্জিতে চোট পান তিনি। প্রাথমিক চিকিৎসার পর মাঠ ছাড়তে বাধ্য হন ঈশান। পরে ড্রেসিংরুমের বাইরে হাতে ভারী ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায় তাঁকে। তাঁর অনুপস্থিতিতে উইকেটের পিছনে গ্লাভস হাতে দাঁড়ান কুমার কুশাগ্র।

তবে অধিনায়কত্বের দায়িত্ব যায় বৈভবের কাঁধে। টুর্নামেন্ট শুরুর আগেই তাঁকে ইস্ট জোনের সহ-অধিনায়ক করা হয়েছিল। ফলে ঈশান মাঠ ছাড়তেই দলের নেতৃত্বে দেখা যায় ১৫ বছরের এই ক্রিকেটারকে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, তাঁর নেতৃত্বে মাঠে ছিলেন মহম্মদ সামি, মুকেশ কুমার এবং অভিমন্যু ঈশ্বরনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তাঁদের মতো তারকাদের সামলে ফিল্ড সাজানো থেকে শুরু করে বোলিং পরিবর্তন—সবকিছুই করতে হয় বৈভবকে।

লাঞ্চের আগে সেন্ট্রাল জোন ৮১ রানে ৩ উইকেট হারালে তাঁর নেতৃত্বের ছাপও স্পষ্ট হয়ে ওঠে।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২০২৪ সালে অভিষেক হওয়া বৈভবের এটি দশম ম্যাচ। এত অল্প বয়স ও অভিজ্ঞতায় সিনিয়র দলের নেতৃত্ব—ভারতীয় ঘরোয়া ক্রিকেটে নিঃসন্দেহে এক বিরল নজির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.