ভুটান সীমান্তে সোনা পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পুলিশের। আলিপুরদুয়ারের জয়গাঁওয়ে ভুটান গেট সংলগ্ন একটি গয়নার দোকানে অভিযান চালিয়ে ১২০ গ্রাম সোনার গয়না এবং প্রায় ২০ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। ঘটনায় গ্রেফতার হয়েছেন তিন জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দু’জন জয়গাঁওয়ের বাসিন্দা রবি শাহ ও মনীশ শাহ। অন্য জন ভুটানের নাগরিক ফুনরসো ওয়াঙ্গি। গোপন সূত্রে খবর পেয়েই সোমবার অভিযান চালায় পুলিশ।
অভিযোগ, ভুটান থেকে অবৈধভাবে সোনা ভারতে এনে জয়গাঁওয়ের ওই দোকানে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। সেই সময়ই পুলিশের হাতে ধরা পড়েন ফুনরসো। পরে তদন্তের সূত্র ধরে আরও দু’জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় সোনার গয়না এবং বিপুল পরিমাণ নগদ টাকা।
পাচারের পিছনে কত টাকার ‘খেলা’?
তদন্তকারীদের নজরে এখন ভুটান ও ভারতের বাজারে সোনার দাম, কর এবং শুল্কের পার্থক্য। এই ব্যবধানকে কাজে লাগিয়েই পাচারকারীরা লাভের চেষ্টা করছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে উদ্ধার হওয়া সোনা থেকে ঠিক কত টাকা লাভের পরিকল্পনা ছিল, তা এখনও জানা যায়নি।
পুলিশের জিজ্ঞাসাবাদে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, সোনার উৎস কোথায় এবং ২০ লক্ষ টাকা নগদের সঙ্গে পাচারের কোনও যোগ রয়েছে কি না—এখন সেই প্রশ্নগুলির উত্তর খুঁজছে পুলিশ।







