ম্যালেরিয়া প্রতিরোধে সরকারি উদ্যোগে বিলি করা হয়েছিল ক্লোরোকুইন ট্যাবলেট। কিন্তু সেই ওষুধ খাওয়ার পরই একের পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়ার অভিযোগ। গুরুতর পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বহুজনকে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে সাত বছরের এক শিশুর।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পোলাভরাম জেলার তেলঙ্গানা সীমান্ত লাগোয়া গোল্লাগুপ্পা গ্রামে। বর্ষার মরসুমে ওই এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্লোরোকুইন ট্যাবলেট বিতরণ করা হয়েছিল।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ৭১ জনকে ওই অ্যান্টিম্যালেরিয়াল ওষুধ দেওয়া হয়েছিল। ট্যাবলেট খাওয়ার পর তাঁদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক সমস্যা দেখা দেয়। পরিস্থিতি খারাপ হওয়ায় অসুস্থদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এখনও পর্যন্ত ৫২ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে ২৯ জনকে তেলঙ্গানার একটি হাসপাতালে এবং আরও ২৪ জনকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রেও আরও কয়েকজনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
এই ঘটনার মধ্যেই মৃত্যু হয়েছে সাত বছরের এক শিশুর। ফলে ওষুধ খাওয়ার পর ঠিক কী কারণে এতজন অসুস্থ হয়ে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে ক্লোরোকুইন খাওয়ার সঙ্গে অসুস্থতা ও মৃত্যুর সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। ওষুধের গুণমান, ডোজ এবং অসুস্থতার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।







