রান্নার গ্যাসের বাড়তি দামের বাজারে বড় ঘোষণা গোয়া সরকারের। বছরে তিনটি LPG সিলিন্ডারের খরচ মেটাতে ₹৩,০০০ আর্থিক সহায়তা দেওয়া হবে উপভোক্তাদের। সরাসরি DBT-এর মাধ্যমে সেই টাকা পৌঁছে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
গণেশ চতুর্থী উপলক্ষে এই ঘোষণা করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তাঁর দাবি, ৯ সেপ্টেম্বর থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। এই সুবিধা পেতে নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পে কোনও আর্থিক মাপকাঠি রাখা হয়নি। অর্থাৎ যোগ্য নথিপত্র জমা দিয়ে গোয়ার বাসিন্দারা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন।
এদিকে ৫ সেপ্টেম্বর থেকে গোয়ায় উজ্জ্বলা যোজনা শুরু করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুবিধা পেতে ব্যাঙ্ক পাসবুক, আধার ও ভোটার পরিচয়পত্রের প্রতিলিপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল বছরে তিনটি করে LPG সিলিন্ডারের খরচে সহায়তা দেওয়া। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা করল গোয়া সরকার।







