ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে ফের আইনি জটিলতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ওই বাড়ির মালিক গোয়েঙ্কা পরিবার। মঙ্গলবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করা হয়েছে।
ক্যামাক স্ট্রিটের ৯ নম্বর বাড়িটির মালিক রমাদেবী গোয়েঙ্কা। জানা গিয়েছে, ২০২০ সালে বাড়িটির সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের একটি চুক্তি হয়েছিল। তবে গোয়েঙ্কা পরিবারের অভিযোগ, চুক্তিতে উল্লেখ থাকা একাধিক শর্ত পরবর্তীতে মানা হয়নি। এমনকী প্রভাব খাটিয়ে বাড়ির দু’টি ফ্লোর দখল করে রাখার অভিযোগও উঠেছে। বাড়ির মালিককে না জানিয়েই সেখানে বিলবোর্ড বসানো হয়েছিল বলেও দাবি তাঁদের।
গোয়েঙ্কা পরিবারের আরও অভিযোগ, শুধু দু’টি ফ্লোর নয়, সিঁড়ির নীচের জায়গা, গ্যারাজ এবং ছাদও দখল করে রাখা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার জন্য নোটিস দেওয়া হয়েছিল। তবে সেই নোটিসের উপর স্থগিতাদেশ জারি করে নিম্ন আদালত। এবার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করলেন বাড়ির মালিকপক্ষ।
এর মধ্যেই কয়েক দিন আগে ক্যামাক স্ট্রিটের ওই অফিসের হোর্ডিং ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। হোর্ডিংটি বেআইনি বলে অভিযোগ তুলে সেটি সরাতে পুরসভার কর্মীরা সেখানে পৌঁছন। তাঁদের সঙ্গে ছিল পুলিশও। অভিযোগ, অফিসে ঢোকার সময় পুরকর্মীদের বাধা দেওয়া হয়। এরপর তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের তীব্র বচসা শুরু হয়।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন-সহ তৃণমূল নেতারা। অফিসে প্রবেশকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে পুলিশ এবং অফিসের কর্মীদের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে হাইকোর্টে নতুন মামলা হওয়ায় চাপ আরও বাড়ল অভিষেকের উপর।







