বর্ষার মরসুমে ডেঙ্গির প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিশুদের নিয়ে উদ্বেগও। জ্বরের পাশাপাশি কয়েকটি বিশেষ উপসর্গ দেখা দিলে পরিস্থিতি গুরুতর হওয়ার আশঙ্কা থাকে। তাই শুধু জ্বর কমানোর দিকে নজর না দিয়ে শিশুর অন্যান্য লক্ষণও খেয়াল করা জরুরি।
বারবার বমি, তীব্র পেটব্যথা, নাক-মাড়ি দিয়ে রক্তপাত, শ্বাসকষ্ট, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া কিংবা অস্বাভাবিক দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। চোখে ব্যথা ও সারা শরীরে র্যাশও ডেঙ্গির অন্যতম লক্ষণ হতে পারে।
ডেঙ্গিতে শিশুদের দ্রুত জলশূন্যতা তৈরি হতে পারে। গুরুতর অবস্থায় রক্তচাপ কমে যাওয়া, প্লাজ়মা লিকেজ বা রক্তক্ষরণের মতো জটিলতাও দেখা দিতে পারে। তাই শিশুর জ্বরের সঙ্গে উপসর্গগুলি নজরে রাখা গুরুত্বপূর্ণ।
অভিভাবকদের করণীয়: শিশুকে পর্যাপ্ত জল ও তরল খাবার খাওয়ান, মশারি ব্যবহার করুন এবং মশার কামড় থেকে বাঁচাতে গা-ঢাকা পোশাক পরান। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ বা অ্যান্টিবায়োটিক দেবেন না। জ্বর বা উপসর্গ বাড়লে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়াই নিরাপদ।







