ক্রাইম

‘রক্ষকই ভক্ষক’! যুবতীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ পুলিশ ও ২ সিআরপিএফ জওয়ান

উত্তরপ্রদেশে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল দুই পুলিশকর্মী এবং দুই সিআরপিএফ জওয়ানকে। অভিযোগ, হরিয়ানার ওই যুবতীকে ঘোরানোর কথা বলে উত্তরপ্রদেশের আমরোহা জেলার হাসানপুর এলাকার একটি খামারবাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার হাসানপুর এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগের ভিত্তিতে হাসানপুর থানার এক সাব-ইন্সপেক্টর, এক হেড কনস্টেবল এবং সিআরপিএফের এক সাব-ইন্সপেক্টর ও এক হেড কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নির্যাতিতার বয়ান অনুযায়ী, ২০ তারিখ তাঁর পরিচিত এক মহিলা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। বিভিন্ন ধর্মীয় স্থান ঘোরানোর কথা বলে তাঁকে মুজাফফরনগরের সৌরং গ্রামের বাসিন্দা সিআরপিএফ কর্মী মোহিতের সঙ্গে দেখা করতে বলা হয়। সেই মতো ২১ তারিখ হরিয়ানার সনিপতে মোহিতের সঙ্গে দেখা করেন যুবতী। এরপর তাঁরা মারাটে যান। সেখানে মোহিতের সহকর্মী সিআরপিএফের হেড কনস্টেবল লালারাম যাদবের সঙ্গে তাঁদের দেখা হয়।

পরের দিন, অর্থাৎ ২২ তারিখ তাঁরা হাসানপুরের একটি খামারবাড়িতে পৌঁছন। পথে তাঁদের সঙ্গে যোগ দেন হাসানপুর থানার সাব-ইন্সপেক্টর সঞ্জয় তোমর। অভিযোগ, পুলিশ হেড কনস্টেবল প্রমোদ ওই খামারবাড়িতে খাবার ও মদের ব্যবস্থা করেন। ওই সন্ধ্যায় মোহিত, লালারাম যাদব এবং সঞ্জয় তোমর পরপর যুবতীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এরপর প্রমোদ ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করলে যুবতী তাঁকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ।

বুধবার ভোর ৬টা নাগাদ পুলিশকে ফোন করেন যুবতী। খবর পেয়ে হাসানপুর ও রাজাবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। চার অভিযুক্তকেও আটক করা হয়।

আমরোহার পুলিশ সুপার লক্ষ্মণ সিং যাদব জানিয়েছেন, যুবতীর অভিযোগের ভিত্তিতে অপহরণ বা প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া এবং গণধর্ষণের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। চার অভিযুক্তকেই গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। পাশাপাশি দুই সিআরপিএফ সদস্যের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

হাসানপুর কোতোয়ালির ভারপ্রাপ্ত কর্মকর্তা অমর পাল সিং জানিয়েছেন, যে খামারবাড়িতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ, সেটি উত্তরাখণ্ডের এক নির্দল বিধায়কের মালিকানাধীন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করেন, অপরাধকে কেন্দ্র করে শাসনব্যবস্থা পরিচালিত হলে পুলিশ বাহিনীও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। তাঁর বক্তব্য, এই ঘটনায় পুলিশ বাহিনীর ভাবমূর্তিতে গুরুতর দাগ লেগেছে। একই সঙ্গে তিনি এ বিষয়ে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ করার দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.