ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে ঢাকা। তাঁকে বাংলাদেশে ফেরানো হবে কি না, তা নিয়ে যখন ভারত-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তুঙ্গে, তখনই গুরুত্বপূর্ণ বার্তা দিল নয়াদিল্লি। ঢাকায় আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী জানান, আইনি প্রক্রিয়া মেনেই শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনই নির্দিষ্ট সময়সীমা বলা সম্ভব নয়।
হাসিনার ভারতে আশ্রয় প্রসঙ্গেও ভারতের অবস্থান স্পষ্ট করেন তিনি। রাষ্ট্রদূতের দাবি, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সময় নিরাপত্তার কথা বিবেচনা করে প্রতিবেশী দেশ হিসেবে মানবিকতার কারণেই হাসিনার বিমান ভারতে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। ভারতীয় সেনা বা বায়ুসেনা তাঁকে নিয়ে আসেনি বলেও জানান তিনি। বাংলাদেশের সামরিক বিমানেই হাসিনা ভারতে এসেছিলেন বলে দাবি তাঁর।
দীনেশ ত্রিবেদীর কথায়, “আমাদের কাছে কোনও চয়েস ছিল না। প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব জীবনের বাস্তবতা গ্রহণ করা।”
হাসিনাকে কবে বাংলাদেশে ফেরানো হবে, সেই প্রশ্নে তিনি জানান, বিষয়টি আদালতের সঙ্গেও যুক্ত। বাংলাদেশের প্রত্যর্পণ সংক্রান্ত আবেদন বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। ফলে এখনই কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়।







