স্ত্রীর পরকীয়ার সন্দেহ থেকেই কি ভয়াবহ পরিণতি? মহারাষ্ট্রের ধারাশিবে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল তাঁর ইঞ্জিনিয়ার স্বামীর বিরুদ্ধে। পুলিশের দাবি, প্রথমে স্ত্রীকে ঘিরে একটি ভিডিয়ো রেকর্ড করা হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই নির্জন জোয়ারের খেতে নিয়ে গিয়ে পাথর দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। আর এই ঘটনার সময় ঘটনাস্থলেই ছিল দম্পতির চার বছরের শিশুপুত্র। মায়ের দেহ কোথায় পড়ে রয়েছে, পুলিশকে সেই জায়গা দেখায় শিশুটিই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম কোমল টেকালে। অভিযুক্ত স্বামী গণেশ শিবাজি টেকালে। অভিযোগ, বুধবার দুপুরে স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহের জেরে দু’জনের মধ্যে তীব্র অশান্তি হয়। এরপর সন্ধ্যায় বাইকে করে স্ত্রী ও ছেলেকে নিয়ে কালম্ব-ইরামালা সড়কের হাসেগাঁও এলাকার দিকে যান গণেশ। সেখান থেকে কোমলকে একটি নির্জন জোয়ারের খেতে নিয়ে যাওয়া হয় বলে তদন্তকারীদের দাবি।
পুলিশের অভিযোগ, সেখানে ফের দু’জনের মধ্যে বচসা শুরু হয়। এরপর পাথর দিয়ে আঘাত করে কোমলকে খুন করা হয়। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যান বলে অভিযোগ। পরে শিশুটির দেখানো জায়গা থেকেই মায়ের দেহের সন্ধান পায় পুলিশ।
তদন্তে আরও জানা গিয়েছে, স্ত্রীর কথিত সম্পর্ক নিয়ে একটি ভিডিয়ো রেকর্ড করা হয়েছিল এবং সেটি আত্মীয়-পরিজনদের পাঠানো হয়েছিল বলে অভিযোগ। খুনের পর অভিযুক্তের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও পুলিশের নজরে এসেছে। সেখানে স্ত্রীকে ‘শাস্তি’ দেওয়ার কথা লেখা ছিল বলে দাবি তদন্তকারীদের।
ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। ভিডিয়ো, মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপের তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্ত গণেশের খোঁজে তল্লাশি চলছে।
দাম্পত্যের সন্দেহকে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনার অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ঠিক কী ঘটেছিল এবং ঘটনার পিছনে কী কারণ ছিল, তা তদন্তের পরই স্পষ্ট হবে।







