কলকাতা: চোরবাগান দুর্গোৎসবের মর্মান্তিক দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর পর শহরের পুজো মণ্ডপগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তৎপর কলকাতা পুলিশ। পরিস্থিতি সামাল দিতে গিরীশপার্ক থানার ওসিকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে হীরক দলপতিকে। পাশাপাশি পুজোর ভিড় নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অভিজ্ঞ ৯ জন আইপিএস অফিসারকে বিশেষ দায়িত্বে নামাচ্ছে লালবাজার।
সূত্রের খবর, অতীতে কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ পদে কাজ করা এই আধিকারিকদের রবিবারের মধ্যে লালবাজারে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন রূপেশ কুমার, মিরাজ খালিদ, প্রিয়ব্রত রায়, শুভঙ্কর ভট্টাচার্য, তরুণ হালদার, সৌম্য রায়, দীপক সরকার, সুমনজিৎ রায় ও মাহমুদ আখতার।
নিরাপত্তা নিশ্চিত করতে থানার ওসি-দের জন্য জারি হয়েছে ১১ দফা নির্দেশিকা। মণ্ডপের প্রবেশ ও প্রস্থানের পথ খোলা রাখা, দর্শনার্থীদের চলাচলের রাস্তা অপরিবর্তিত রাখা এবং বৃষ্টির সময় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। খারাপ আবহাওয়াতেও পুলিশকর্মীদের নির্ধারিত ডিউটি পয়েন্টে থাকার নির্দেশ রয়েছে।
এছাড়া মণ্ডপের সামনে ভিআইপি গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, পর্যাপ্ত গার্ডরেল ও মাইক রাখা এবং পুজো কমিটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয়ের ওপর জোর দিয়েছে পুলিশ।
উল্লেখ্য, চোরবাগান বিপর্যয়ের পর পুজো কমিটির কয়েকজন কর্তা-সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। আসন্ন উৎসবের দিনগুলিতে যাতে আর কোনও প্রাণহানি না ঘটে, সেই লক্ষ্যেই নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে লালবাজার।







