গুজরাটের প্রাক্তন ক্রিকেটার ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ যুসুফ পাঠানের জমি বিতর্কে নতুন মোড়। ভদোদরার তান্ডালজা এলাকায় তাঁর বাড়ির সংলগ্ন ৯৭৮ বর্গমিটারের একটি বিতর্কিত জমি তাঁকে বরাদ্দ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে গুজরাট সরকার। জমিটির আনুমানিক বাজারমূল্য ২০.৫৩ কোটি টাকা। তবে এই বরাদ্দ এখনও চূড়ান্ত হয়নি। পরবর্তী পর্যায়ে ভদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির অনুমোদন প্রয়োজন। পাশাপাশি, জমিটি পেতে যুসুফ পাঠানকে কত টাকা দিতে হবে, তা এখনও নির্ধারিত হয়নি।
জানা গিয়েছে, ২০১২ সালে প্রথম ওই জমি বরাদ্দের আবেদন করেছিলেন প্রাক্তন ক্রিকেটার। কিন্তু কোনও প্রকাশ্য নিলাম ছাড়াই জমি বরাদ্দের প্রস্তাব ২০১৪ সালে খারিজ হয়ে যায়। এরপর বিষয়টি গড়ায় গুজরাট হাই কোর্টে। ২০২৫ সালে পাঠানের আবেদন খারিজ করে দেয় আদালত।
পরবর্তীতে, ২০২৬ সালের ৩১ আগস্ট নিজের আপিল প্রত্যাহার করে নেন যুসুফ পাঠান। এরপরই জমি বরাদ্দের বিষয়টি নতুন করে এগিয়েছে বলে জানা গিয়েছে।
যদিও সরকারি অনুমোদন মিললেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনও পুরসভার স্ট্যান্ডিং কমিটির ছাড়পত্র বাকি। ফলে দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় ধরে চলা এই জমি বিতর্কের নিষ্পত্তি শেষ পর্যন্ত কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।







