উৎসবের দিনেই ভয়াবহ অপরাধের অভিযোগ তেলঙ্গানায়। ১৫ বছর বয়সি এক কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠেছে সাত জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে তিন জন নাবালক। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পকসো আইনে মামলা রুজু করে সাত অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ।
ঘটনাটি তেলঙ্গানার সিদ্দিপেট জেলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশেরার দিন কিশোরীর বাবা-মা জমিতে কাজ করতে গিয়েছিলেন। সেই সময়ই কিশোরীকে অপহরণ করে পাশের একটি গ্রামে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। সেখানে রাতভর তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
এ দিকে, সন্ধ্যা পেরিয়ে রাত হলেও মেয়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার বাবা-মা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও প্রথমে মেয়ের সন্ধান পাননি তাঁরা। পরদিন ভোরে গ্রামের কাছাকাছি কিশোরীকে নামিয়ে দিয়ে যায় অভিযুক্তরা বলে অভিযোগ। কোনও রকমে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের গোটা ঘটনা জানায় সে।
এর পরেই থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা-মা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সাত অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে তিন জন নাবালক থাকায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। অভিযুক্তদের আদালতে পেশ করা হলে সকলকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
পুলিশের সাব-ইনস্পেক্টর মহম্মদ আসিফ জানিয়েছেন, অভিযুক্তদের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তারা মাদক সেবন করেছিল কি না, তা খতিয়ে দেখতেই এই পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় মাদক সেবনের প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন তিনি। কিশোরী অভিযুক্তদের শনাক্ত করেছে বলেও পুলিশ সূত্রে খবর।
ঘটনার পিছনে ঠিক কী কারণ ছিল এবং কীভাবে এই অপরাধ সংঘটিত হল, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে এখনও সমস্ত তথ্য প্রকাশ করা হয়নি। নাবালিকার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়াই এখন তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ।







