নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে গেলেই বারবার বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কখনও তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছে, কখনও আবার স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। মঙ্গলবারও চাপড়ায় মহুয়ার গাড়ি ঘিরে বিক্ষোভ চলে। কালো পতাকা হাতে রাস্তা অবরোধ করেও প্রতিবাদ দেখানো হয়। এই পরিস্থিতির মধ্যেই এদিন মহুয়া মৈত্রকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
তৃণমূল সাংসদকে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। মঙ্গলবার তাঁর নির্দেশ, মহুয়া মৈত্র যখনই নিজের লোকসভা কেন্দ্রের এলাকায় প্রবেশ করবেন, তখন তাঁর সঙ্গে দু’জন পুলিশকর্মী থাকবেন। সাংসদ যাতে কোনও ধরনের হয়রানি বা সমস্যার সম্মুখীন না হন, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা।
তবে আপাতত ৩০ দিনের জন্য এই নিরাপত্তা বহাল থাকবে। আগামী ১ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, মহুয়া কোন কোন দিনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যাবেন, তা আগেভাগেই পুলিশকে জানাতে হবে। সেই তথ্যের ভিত্তিতেই নিরাপত্তার ব্যবস্থা করবে প্রশাসন।
এদিন আদালতে মহুয়ার হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নিজের সংসদীয় এলাকায় গেলেই সাংসদকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এর ফলে সাংসদ সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা শুনতে পারছেন না।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মহুয়া মৈত্র নিজের কেন্দ্রে গেলেই তাঁকে লক্ষ্য করে ডিম, আলু এমনকী পাথরও ছোড়া হচ্ছে। তাঁর আরও বক্তব্য, সম্প্রতি তৃণমূল ছেড়ে অন্য দলে যাওয়া কয়েকজন সাংসদকে নিরাপত্তা দেওয়া হলেও মহুয়া মৈত্রের ক্ষেত্রে হামলার পরিস্থিতি তৈরি হচ্ছে।







