দুর্নীতি ইস্যুতে ফের একবার তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, ডিসেম্বরের মধ্যেই সরকার পড়ে যাবে বলেও পূর্বাভাস তাঁর। আর এহেন ভবিষ্যবানী ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বলে রাখা প্রয়োজন, ডিসেম্বরের মধ্যেই সরকার পড়ে যাওয়া নিয়ে একের পর এক চাঞ্চল্যকর দাবি করেছিলেন বিরোধী দলনেতা। এবার সেই একই পূর্বাভাস বিজেপির রাজ্য সভাপতির কথাতেও। যদিও এই বিষয়টি নিয়ে মাথা ঘামাতে নারাজ তৃণমূল।
দুর্নীতি ইস্যুতে কথা বলতে গিয়েই বিস্ফোরক দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি। বলেন, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। দুর্নীতিতে একের পর এক শাসকদলের নেতা গ্রেফতার হয়েছে। পুজোতে বেশির ভাগ নেতাই জেলে কাটাচ্ছেন। এমনকি দুর্নীতি ইস্যুতে খোদ মুখ্যমন্ত্রীও জেলে যেতে পারে বলে কার্যত বিস্ফোরক মন্তব্য সুকান্ত মজুমদারের। শুধু তাই নয়, তাঁর প্রশ্ন, তৃণমূলের অধিকাংশ মন্ত্রীই যদি জেলে যান, তাহলে কীভাবে সরকার চলবে? আর এরপরেই সরকারের পড়ে যাওয়ার মতো তাৎপর্যপূর্ণ মন্তব্য বিজেপি নেতার। স্পষ্ট বার্তা, ডিসেম্বরেই পড়তে পারে সরকার।’







