বীরভূমের সিউড়িতে পুলিশের ভেতরে ভাঙন! ফাঁস অডিওকে কেন্দ্র করে থমথমে জেলা। একজন এএসআইয়ের মুখে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ—এমন দৃশ্য বিরল বলেই মত রাজনৈতিক মহলের বড় অংশের। বিরোধীরা সরব, শাসক দলের ঘরেও প্রশ্ন। এবার পুলিশের অন্যায় ও গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত মিলছে পুলিশেরই গলার স্বর থেকে।
সিউড়ি থানার এএসআই রাজকুমার দাস তাঁর ফেসবুকে একটি অডিও পোস্ট করেন। সেখানে সরাসরি নাম করে তিনি বীরভূমের ডেপুটি পুলিশ সুপারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ভাইরাল হওয়া ওই অডিওয় শোনা যায়—এসআইয়ের দাবি, ডিএসপি নাকি পুলিশ সুপারকে ভুল পথে পরিচালিত করছেন, বারবার ট্রান্সফারের মাধ্যমে তাদের হয়রানি করা হচ্ছে। তাঁর ভাষায়, “ডিএসপি-র মতো আর ক্রিমিনাল নেই। যদি প্রমাণ চান, আমি সব দিতে পারব।” এখানেই থামেননি রাজকুমার। তিনি অভিযোগ করেন, শতাব্দী রায় জুতো খাওয়ার ঘটনার দিনও ডিএসপি উপস্থিত ছিলেন, এবং সেই ঘটনার দায় তাঁরই।
প্রসঙ্গত, কিছুদিন আগেই এসআইআর ক্যাম্পে উপস্থিত শতাব্দী রায়ের সামনেই ঘটেছিল তৃণমূলের অভ্যন্তরীণ সংঘর্ষ। অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সাংসদের গাড়ি লক্ষ্য করে উড়ে আসে জুতো। রাজনৈতিক মহলের একাংশ বলছে—এটাই তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জ্বলন্ত প্রমাণ।
এই অডিও বিতর্ককে হাতিয়ার করতে ছাড়েনি বিজেপি-ও। বীরভূম সাংগঠনিক জেলার সহ সভাপতি দীপক দাসের দাবি, “এএসআই যা বলেছেন তা খুব একটা ভুল নয়। পুলিশের অভ্যন্তরে নোংরামি চলছে। ডিএসপি কুণাল মুখোপাধ্যায়ের ভূমিকা অস্বীকার করা যায় না।” তাঁর কথায়, ঘটনাটি প্রমাণ করে প্রশাসনের উপরেও রাজনৈতিক প্রভাব রয়েছে, এবং পুলিশ-মহলে বিভাজন গভীর হচ্ছে।
রহস্যে ঘেরা এই অডিও ফাঁসের পর জেলায় প্রশ্ন উঠছে—পুলিশি গোষ্ঠীদ্বন্দ্বের আগুন কি আরও ছড়িয়ে পড়বে? প্রশাসনের দোষ, নাকি রাজনৈতিক চাপ? তদন্ত ও সরকারি প্রতিক্রিয়া এখন জেলার নজরে।







