রাজনৈতিক জনসভা আর মন্ত্রিত্বের ফাইল ছেড়ে এবার সরাসরি নাটকের মঞ্চে ডানা মেললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রাজনীতির চেনা ‘মঞ্চ’ বদলে গত ১ নভেম্বর কলকাতার রবীন্দ্র সদনে তিনি অবতীর্ণ হলেন এক সম্পূর্ণ নতুন ভূমিকায়। থিয়েটার গ্রুপ ‘রঙ্গ অপেরা’ প্রযোজিত ঐতিহাসিক নাটক ‘কেসরি হত্যা’-র মাধ্যমে পেশাদার অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। তবে সবচেয়ে বড় চমক ছিল তাঁর চরিত্রে—ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের ওপর আধারিত এই নাটকে সুকান্ত বাবু অভিনয় করেছেন এক তরুণ ‘অটল বিহারী বাজপেয়ী’-র ভূমিকায়।
বাঙালির মজ্জায় থাকা থিয়েটারের টানেই এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব লুফে নিয়েছিলেন সুকান্ত মজুমদার। তবে অভিনয়ের এই নয়া ইনিংসের প্রস্তুতি মোটেও সহজ ছিল না। অরুণাচল প্রদেশের মন্ত্রিত্বের সফর সেরে ফিরেই, চেনা রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে মাত্র তিনটি মহড়াতেই (Rehearsal) বাজপেয়ীর চরিত্রটিকে ফুটিয়ে তুলতে হয়েছে তাঁকে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ফ্যাশন শো-র র্যাম্পে হেঁটে মডেল হিসেবে চমক দেওয়া সুকান্ত এবার অটল বিহারী বাজপেয়ীর তেজস্বী সংলাপকে মঞ্চে জীবন্ত করে তুললেন।
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের অজানা অধ্যায় এবং ১৯৫৩ সালে কাশ্মীরে তাঁর রহস্যজনক মৃত্যুর প্রেক্ষাপটে তৈরি এই নাটকটি দেখতে রবীন্দ্র সদনে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ ও জহর সরকারের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। নেতার ভাষণ শোনার চেনা অভ্যাস ভুলে দর্শক সেদিন মুগ্ধ হলেন অভিনেতার অভিনয়ে। রাজনীতির অলিন্দে সুকান্ত মজুমদার কতখানি ‘অটল’ থাকবেন তা সময় বলবে, তবে রবিবাসরীয় সন্ধ্যায় রবীন্দ্র সদনের মঞ্চে অভিনেতার হাততালির পারদ কিন্তু বেশ খানিকটা চড়ল।







