স্বাস্থ্য

স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান? রোগী ভর্তি নিয়ে হাসপাতালকে নয়া নির্দেশ স্বাস্থ্য ভবনের

পশ্চিমবঙ্গে একইসঙ্গে ‘স্বাস্থ্যসাথী’ এবং ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু হওয়ার পর রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে হাসপাতালগুলির মধ্যে যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল, তা দূর করতে নতুন নিয়ম জারি করল স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা SOP-তে দুই প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে সমন্বয় বজায় রাখার জন্য নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। এবার থেকে হাসপাতালে কোনও রোগী এলে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে প্রথমে কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’-এর যোগ্যতা যাচাই করতে হবে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও স্বাস্থ্যসাথী কার্ডধারী রোগী হাসপাতালে চিকিৎসার জন্য এলে প্রথমেই পরীক্ষা করে দেখতে হবে তিনি আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়ার যোগ্য কি না। এর জন্য ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম বা TMS পোর্টালে রোগীর ইউনিক আইডি কিংবা বায়োমেট্রিক সংক্রান্ত তথ্য দিয়ে যাচাই করতে হবে। যদি দেখা যায়, ওই রোগীর নামে ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়ে গিয়েছে, তাহলে সংশ্লিষ্ট হাসপাতালকে আয়ুষ্মান প্রকল্পের আওতাতেই চিকিৎসা চালাতে হবে।

তবে TMS পোর্টালে কোনও প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে স্বাস্থ্যসাথীর আওতায় চিকিৎসা করা যাবে। সেক্ষেত্রে সমস্যার যথাযথ প্রমাণ ও প্রয়োজনীয় স্ক্রিনশট আপলোড করে ‘Facing Issue’ অপশন নির্বাচন করতে হবে। এরপরই ‘Proceed to Swasthya Sathi’ বিকল্পটি সক্রিয় হবে। অর্থাৎ, পর্যাপ্ত তথ্যপ্রমাণ ছাড়া কোনও রোগীকে সরাসরি স্বাস্থ্যসাথীর আওতায় নেওয়া যাবে না।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও রোগীর নাম আয়ুষ্মান ভারতের তালিকায় থাকলেও তাঁর কার্ড এখনও অনুমোদনের অপেক্ষায় থাকলে স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব। আবার বায়োমেট্রিক বা e-KYC অসম্পূর্ণ থাকলে তা দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিতে হবে। ৭০ বছর বা তার বেশি বয়সি ব্যক্তিদের ক্ষেত্রে আয়ুষ্মান ভারতের নির্দিষ্ট নিয়ম মেনে পৃথকভাবে নথিভুক্তকরণের ব্যবস্থাও করতে হবে।

অন্যদিকে, কোনও রোগী আয়ুষ্মান ভারতের আওতাভুক্ত না হলে বা সংশ্লিষ্ট তালিকায় তাঁর নাম না থাকলে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’র ফর্ম পূরণ করিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে।

স্বাস্থ্য ভবনের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজ্যে প্রায় ৮.৫ কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নথিভুক্ত। অন্যদিকে, আয়ুষ্মান ভারতে ইতিমধ্যেই প্রায় ৩.৪ কোটি মানুষের নাম নথিভুক্ত হয়েছে এবং তাঁদের মধ্যে ১.২৩ কোটি মানুষের কার্ড তৈরি হয়ে গিয়েছে। পাশাপাশি, প্রায় ৮০ লক্ষ মানুষের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ব্যবস্থাও রাখা হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের এই নতুন SOP-কে স্বাগত জানিয়েছেন ‘অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটালস অ্যান্ড নার্সিংহোম’-এর সচিব রাজীব পাণ্ডে। তাঁর মতে, নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে হাসপাতাল ও রোগী—দুই পক্ষের মধ্যেই দীর্ঘদিন ধরে থাকা বিভ্রান্তি অনেকটাই কমবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.