কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক। শনিবার ফুকেত থেকে কলকাতাগামী একটি বিমান অবতরণের পর টয়লেটের আয়নায় ‘বম্ব ইনসাইড এয়ারক্রাফ্ট’ লেখা দেখতে পান কেবিন ক্রুরা। বিষয়টি নজরে আসতেই তৎক্ষণাৎ পাইলট এবং বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের জানানো হয়।
এর পরেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে শুরু হয় তল্লাশি। বিমানে তল্লাশি চালায় CISF, বম্ব স্কোয়াড এবং বিমানবন্দর পুলিশ। দীর্ঘ সময় ধরে তল্লাশি চললেও বিমানের ভিতর থেকে কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।
প্রাথমিক তদন্তে অনুমান, আতঙ্ক তৈরি করতেই কেউ বিমানের টয়লেটের আয়নায় ওই বার্তা লিখে রেখেছিল। তবে কে বা কারা এই কাজ করেছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে যাত্রীদের তালিকা পরীক্ষা করার পাশাপাশি বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, শুক্রবারও কলকাতা বিমানবন্দরের মহিলা শৌচাগারে ২৩ নম্বর গেটের কাছে বোমা রাখার হুমকি দেওয়া একটি চিরকুট উদ্ধার হয়েছিল। পরপর দু’দিন একই ধরনের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।







