আবহাওয়া

রাত বাড়ার সাথে সাথে ৭০–৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, বজ্রপাতের আশঙ্কায় সতর্কবার্তা

তপ্ত রাজনৈতিক লড়াইয়ের আবহে বুধবার রাতে স্বস্তির বৃষ্টি নামলেও, সেই স্বস্তি এখন অনেকটাই চাপা পড়েছে ঝড়ো হাওয়ার আশঙ্কায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাতের দিকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যেই ভোটগ্রহণ প্রক্রিয়া চলেছে শহর ও শহরতলিতে। বহু ভোটার ছাতা মাথায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। সন্ধ্যার পর বৃষ্টির তীব্রতা বাড়ায় ভোগান্তি আরও বেড়েছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে লাইনে থাকা প্রত্যেক ভোটারই ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।

রাত ৮টার আবহাওয়া বুলেটিনে জানানো হয়েছে, গভীর রাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে খোলা জায়গা ও জলাশয়ের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোরও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন বৃষ্টির জেরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ ছিল। আবহাওয়াবিদদের মতে, উত্তরবঙ্গের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অসম ও বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে, যা বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারেও ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামী ৩ মে পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনও জরুরি পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.