জেলা

যাদবপুর র‍্যাগিং কাণ্ডে গ্রেফতার মুর্শিদাবাদের ছাত্র ; পরিবার মানতে রাজি নয় ছেলে র‍্যাগিংয়ে যুক্ত

নিজস্ব সংবাদদাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-মৃত্যুর ঘটনার সাথে জড়িত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুর কর্মকার পাড়ার বাসিন্দা হিমাংশু কর্মকারকে সন্দেহবসে শুক্রবার রাতে গ্রেফতার করেছে যাদবপুর থানার পুলিশ। গ্রেফতারির খবর জানার পর থেকে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের লোকেরা এখনও মানতে রাজি নয় হিমাংশু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিংকাণ্ড বা কোনও ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সাথে জড়িত রয়েছে।

মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের ছেলে হিমাংশু ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। বহরমপুর শহরে জওহর নবোদয় বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার পর সে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে স্নাতক স্তরে পড়াশোনা করার জন্য ভর্তি হয়েছিল। কিন্তু এর কিছুদিনের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অঙ্কে স্নাতক স্তরে পড়াশোনার সুযোগ পেয়ে যাওয়ায় কলকাতাতে চলে যায়। স্নাতকোত্তর স্তরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ৮০ শতাংশের বেশি নম্বর পেয়ে এবছর জুলাই মাসে পাস করেছে হিমাংশু।

সূত্রের খবর হিমাংশুর এক কাকা সুকুমার কর্মকার জানান,’ ছোটবেলা থেকেই হিমাংশু পড়াশোনার জন্য বাইরে থেকেছে। গ্রামের বাড়িতে সে খুব কমই আসত।’ হিমাংশুর এক দিদিও বাইরে পড়াশোনা করে। গ্রামের লোকেদের সাথে কর্মকার পরিবারের খুব একটা মেলামেশা ছিল না। হিমাংশুর বাবা রণজয় কর্মকারের নিমতিতা বাজারে একটি হার্ডওয়ারের দোকান ছিল। বছর আটেক আগে তিনি মারা যান। হিমাংশুর মা মিতালী দাস কর্মকার স্থানীয় শেরপুর শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা।

সুকুমারবাবু জানান,’হিমাংশু স্নাতকোত্তর স্তরের পরীক্ষার রেজাল্ট বার হওয়ার পর সে এমটেক করার সুযোগ পেয়েছিল। এর পাশাপাশি অঙ্ক নিয়ে গবেষণারও সুযোগ পায়। কিন্তু এমটেক না পড়ে সে গত ৫ অগাস্ট থেকে সল্টলেকের একটি কেন্দ্র থেকে গবেষণার কাজ শুরু করেছিল। কিন্তু গবেষণা কেন্দ্রে এখনও থাকার ঘর না পাওয়ায় সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুরনো আবাসিক হোস্টেলেই থেকে গিয়েছিল। কিছুদিনের মধ্যে তার হোস্টেল ছেড়ে দেওয়ার কথা ছিল। ‘
সুকুমারবাবু আরও জানান,’যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার সময় হিমাংশু কোনওদিন র‍্যাগিংয়ের শিকার হয়েছিল বলে আমাদেরকে জানায়নি। তাছাড়া আমরা বিশ্বাস করি না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনার সাথে সে জড়িত। পুলিশ যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, সে কথাও পরিবারের কেউ জানতাম না। গতকাল রাতে আমরা টিভি দেখেই প্রথম জানতে পারি হিমাংশু গ্রেপ্তার হয়েছে।’
হিমাংশুর গ্রেফতারির খবরে ভেঙে পড়েছেন তার একমাত্র দিদি এবং মা। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হিমাংশুর মা মিতালী দাস কর্মকারের চিকিৎসা চলছে। হিমাংশুর পরিবারের দুই সদস্য ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা চেষ্টা করছেন হিমাংশু যাতে দ্রুত জামিন পায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.