কলকাতারাজনীতি

ফ্রি স্কুল স্ট্রিটে ‘অমানবিকতা’ বিতর্ক, বিরোধীদের পাল্টা আক্রমণ অগ্নিমিত্রার

পার্ক স্ট্রিট এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানের সময় স্টোভে শিশুর দুধ গরম করা নিয়ে এক প্রৌঢ়ার সঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও ঘিরে সমালোচনাও ক্রমশ তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে বিরোধীদের ‘অমানবিকতা’র অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা প্রশ্ন তুললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তাঁর দাবি, বিরোধীদের এই সহানুভূতির পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। ব্যস্ত ফ্রি স্কুল স্ট্রিটে দুপুর দুটোর সময় যখন একের পর এক গাড়ি চলাচল করছে, তখন মাত্র কয়েক ইঞ্চি উঁচু ফুটপাতে ছ’মাসের শিশুকে রেখে স্টোভ জ্বালানো আদৌ কতটা নিরাপদ? কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় কি বিরোধীরা নিতেন?

বিরোধীদের সমালোচনাকে ‘রাজনৈতিক কলকচালি’ বলে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা নিয়ে অনেকেই কান্নাকাটি করছেন। অথচ ওই পরিবারের জন্য এক বাটি দুধ নিয়ে এগিয়ে আসেননি কেউ। তাঁর অভিযোগ, মানবিকতার আড়ালে আসলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হয়েছে। অতীতের কংগ্রেস, বামফ্রন্ট ও তৃণমূল সরকারের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ফুটপাত দখল উচ্ছেদ থেকে শুরু করে হকার বসানো—যাঁদের আমলে নানা অনিয়ম হয়েছে, তাঁদের কাছ থেকে বর্তমান সরকারকে মানবিকতার পাঠ নেওয়ার প্রয়োজন নেই।

ঘটনাস্থলের পরিস্থিতি ব্যাখ্যা করে অগ্নিমিত্রার বক্তব্য, রাস্তা ও ফুটপাতের মধ্যে উচ্চতার পার্থক্য ছিল খুবই সামান্য। তার মধ্যেই ব্যস্ত রাস্তায় গাড়ি চলাচলের মাঝে একটি ছ’মাসের শিশু একা হামাগুড়ি দিচ্ছিল। শিশুটির মা বা ঠাকুমা কিছুটা দূরে ছিলেন। পাশাপাশি পথচারী ও স্কুলপড়ুয়াদের চলাচলের জায়গায় কেরোসিনের স্টোভ জ্বালিয়ে দুধ ফোটানো হচ্ছিল। তাঁর প্রশ্ন, শিশুটি যদি আচমকা রাস্তায় নেমে যেত কিংবা স্টোভ উল্টে আগুন লাগত, তাহলে সেই দুর্ঘটনার দায় নিত কে—পুরসভা, পুলিশ, সরকার, নাকি এখন প্রতিবাদে সরব বিরোধীরা?

ফুটপাতবাসী ওই পরিবারের প্রসঙ্গেও একাধিক দাবি করেন পুরমন্ত্রী। তাঁর কথায়, ওই মহিলা নিজেই জানিয়েছেন যে তাঁদের বাড়ি ধাপা এলাকায়। তাহলে বারবার নিষেধ করা সত্ত্বেও কেন তাঁরা পার্ক স্ট্রিটের ফুটপাতে এসে স্টোভ জ্বালাচ্ছেন, সেই প্রশ্নও রয়েছে। অগ্নিমিত্রার দাবি, ওই মহিলার ছেলে পাশের কারনানি ম্যানশনে কাজ করতেন। পরে চুরির অভিযোগে তাঁকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। পরিবারটিকে আগে হোমে চলে যাওয়া কিংবা নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার জন্যও অনুরোধ করা হয়েছিল বলে জানান তিনি।

বস্তিবাসীদের পুনর্বাসন নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, ঘটনার মাত্র কয়েক দিন আগে বিভিন্ন বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য সরকারি জমিতে পাঁচটি বিনামূল্যের আবাসন টাওয়ার তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর বিনিময়ে সংশ্লিষ্ট ডেভেলপারদের বাণিজ্যিকভাবে বিক্রির সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর বক্তব্য, সরকারের লক্ষ্য হল বস্তিবাসীদের সম্মানজনক ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা।

ফুটপাতের মালিকানা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন পুরমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ফুটপাত কোনও ধনী বা দরিদ্র ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। সেটি মূলত পথচারীদের ব্যবহারের জন্য। সরকারের হকার নীতির ব্যাখ্যা দিয়ে তাঁর বক্তব্য, ফুটপাতের সর্বোচ্চ এক-তৃতীয়াংশ জায়গা হকাররা ব্যবহার করতে পারবেন। বাকি দুই-তৃতীয়াংশ অংশ পথচারীদের জন্য খোলা রাখতে হবে।

শহরে বিনিয়োগ টানতে কলকাতার পরিকাঠামো ও শৃঙ্খলা বজায় রাখার উপরও জোর দেন অগ্নিমিত্রা। তাঁর কথায়, ‘প্রথম দর্শনধারী, পরে গুণবিচারী’—শহরের রাস্তা, ফুটপাত, ফ্লাইওভার ও সামগ্রিক পরিবেশ বিশৃঙ্খল থাকলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা কেন কলকাতায় আসবেন? শিল্প ও বিনিয়োগের জন্য ‘ইজ অফ ডুইং বিজনেস’ নিশ্চিত করতে হলে আগে শহরকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করতে হবে। কলকাতাকে তিনি পশ্চিমবঙ্গের ‘মুখ ও জানলা’ বলেও উল্লেখ করেন। পাশাপাশি নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ এবং আগামী ১০ অক্টোবরের মধ্যে শহরের সমস্ত রাস্তা মেরামতের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশের কথাও জানান।

পুরমন্ত্রী আরও বলেন, বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিজেপি সরকার বেআইনি পার্কিং, যানজট এবং ফুটপাতের জবরদখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিরোধীদের উদ্দেশে তাঁর আবেদন, অকারণ বা ধ্বংসাত্মক রাজনীতির পরিবর্তে গঠনমূলক সমালোচনা করা হোক।

তবে বক্তব্যের শেষে নিজের আচরণ নিয়েও আত্মসমালোচনা করতে দেখা যায় অগ্নিমিত্রাকে। তিনি স্বীকার করেন, ঘটনাস্থলে হয়তো তাঁর গলার স্বর কিছুটা বেশি চড়া হয়ে গিয়েছিল। তাঁর কথায়, বিষয়টি আরও শান্তভাবে এবং বুঝিয়ে বলা যেত। যদিও একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, শহরের সৌন্দর্য, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে সরকার কোনও আপস করবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.