তুরস্কের সীমান্ত ঘেঁষা উত্তর সিরিয়ার আজ়াজ় শহরের বাজার এলাকায় লোকজন ছিল ভালই। আজ সকালে ব্যস্ত বাজারে আচমকাই একটি গাড়ি-বোমা বিস্ফোরণ ঘটে।অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। ২০ জনেরও বেশি জখম। এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় নেয়নি।
২০১৭ সালে এই রকমই এক গাড়ি-বোমা হামলায় ৪০ জন প্রাণ হারান। সে বারে হামলার দায় নিয়েছিল ইসলামিক স্টেট (আইএস)। উল্লেখ্য, ২০১৩ সালে অল্প সময়ের জন্য এই অঞ্চল আইএসের কবলে ছিল।
আলেপ্পো প্রদেশের আজ়াজ় শহরটি তুরস্ক-সমর্থিত জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।দীর্ঘ সময় ধরে এরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়ছে। তা ছাড়া, তুরস্ক সীমান্তবর্তী এলাকাগুলোতে তুরস্কের সেনাবাহিনীর নিয়ন্ত্রণও রয়েছে। যে সময়ে আজ়াজ়ের বাজার এলাকায় বোমা বিস্ফোরণ ঘটে, সে সময়ে ভাল ভিড় ছিল। উত্সবের দিন। সামনে ইদ-উল-ফিতর।







