সম্প্রতি প্রধানমন্ত্রীর অমৃত ভারত প্রকল্পে সারা ভারতবর্ষে ১২৭৫ টি রেল স্টেশনকে নতুন ভাবে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশন আছে। হুগলি জেলার তারকেশ্বর স্টেশনটিও অমৃত ভারত প্রকল্পের মধ্যে পরেছে। তারকেশ্বর মন্দিরের আদলে সাজানো হবে তারকেশ্বর স্টেশনটিকে।
যার ফলে রেলের তরফ থেকে স্টেশন সংলগ্ন জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী বাসিন্দা এবং দোকানিদের সরে যাওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে। এরপরই তারা পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয়। প্রায় কয়েকশো পরিবারের বাস স্টেশনের আশেপাশে।
হটাৎ করে বসতি তুলে দেবার নোটিশ পেয়ে একেবারে বিক্ষোভ শুরু করে সেখানকার বাসিন্দারা। ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমরেন্দ্র সামুইয়ের বাড়ি ঘিরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে।
এই বসতি উঠিয়ে দেবার বিষয়ে রেলের আধিকারিকদের সাথে কথা বলতে গেলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘রেলের প্ল্যাটফর্ম শুধুমাত্র যাত্রী পরিষেবার জন্য। হকারি বা অন্য কোনও কারণে ব্যবহারের জন্য নয়। চন্দননগর স্টেশনের ক্ষেত্রে আমাদের এই বক্তব্যে এখনও আমরা অনড়। তবে তারকেশ্বরে রেলের জমিতে কেউ যদি বসে থাকেন সেটা নির্দিষ্ট ভাবে আমাদের দেখতে হবে। তারকেশ্বর স্টেশনের পরিস্থিতি ঠিক কী, জমি কাদের সেটা দেখে জানাব।’
স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের পাশে দাড়িয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠন। তারকেশ্বরের পুরপ্রধান উত্তম কুন্ডু বলেন, ‘ওখানে প্রায় তিনশটি দোকান রয়েছে। দোকান বা ঘর ভেঙে দিলে পরিবারগুলো যাবে কোথায়?’







