দোলের রঙে রাঙাতে প্রস্তুত রাজ্য। তবে আবহাওয়ার রং কেমন হবে? উত্তর ও দক্ষিণবঙ্গে যেন দুই ভিন্ন ছবি। একদিকে উত্তরে মনোরম আবহাওয়া, অন্যদিকে দক্ষিণে গরমের ইঙ্গিত—এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গ: সকালে কুয়াশা, দিনে রোদেলা স্বস্তি
উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে, কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যাওয়ার আশঙ্কা। হালকা হাওয়ায় দিনের আবহাওয়া থাকবে আরামদায়ক। তবে আজ থেকে ধীরে ধীরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
দক্ষিণবঙ্গ: দোলের আগে চড়ছে পারদ
দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়া শুষ্ক। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
কলকাতায় সোমবার অর্থাৎ আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। মার্চের প্রথম সপ্তাহেই শহরের পারদ ৩৪ ডিগ্রি ছুঁতে পারে বলে পূর্বাভাস। অর্থাৎ, দোলের দিন দক্ষিণবঙ্গে গরমের ভ্রুকুটি উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব
২ মার্চ নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে তাপমাত্রার ওঠানামা চলতে পারে, যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত কম।
কোথায় কেমন থাকবে?
হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।







